টানা অবরোধ আসছে।


.


আন্দোলনের চূড়ান্ত ধাপে ১৮ দল


৯ দিনের টানা অবরোধের ডাক দিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আজই নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে যার আওতায় ‘চূড়ান্ত’ ধাপের এই কর্মসূচি আগামীকাল থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ কর্মসূচিকে অসহযোগের রূপ দিয়ে নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে।
তিন দফা সংলাপে সরকার নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে কোনো উদ্যোগ না নেয়ায় বিএনপির হাইকমান্ড এখন লাগাতার কঠোর কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ দেখছে না।
দলটির নেতারা মনে করছেন, বিরোধী দলবিহীন নির্বাচনের যে নাটক সরকার মঞ্চস্থ করছে তার ফল সরকারকে শিগগিরই ভোগ করতে হবে। ইতোমধ্যে জনগণের আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। সরকার শত চেষ্টা চালিয়েও এ আন্দোলন থামাতে পারবে না।
নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে জাতিসঙ্ঘের বিশেষ দূত তারানকোর দূতিয়ালীতে গত সপ্তাহে তিনবার বৈঠক করেছে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। জানা গেছে, এসব বৈঠকে সমঝোতার ক্ষেত্র প্রস্তুতে ন্যূনতম কোনো অগ্রগতি হয়নি। বিএনপির একটি দাবিও মেনে নেয়নি আওয়ামী লীগ। বিরোধী দলের তরফ থেকে তফসিল স্থগিত করার কথা বলা হলেও সরকারি দল তাতে কর্ণপাত না করে ৫ জানুয়ারিই নির্বাচন করার কথা জানিয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার বৈঠক করেন দুই দলের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠক শেষে তারা আবারো বৈঠকে বসার কথা বলেছেন। জানা গেছে, চতুর্থ দফায় বৈঠক আর হচ্ছে না।
সরকার তফসিল স্থগিত না করে ভোট ছাড়া নির্বাচনের পথে হাঁটায় ফের বৈঠক ‘হাস্যকর’ ছাড়া কিছুই হবে না।
১৮ দলীয় জোটের শরিকদের সাথে পরামর্শ করে নির্বাচন পর্যন্ত আন্দোলন পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। চূড়ান্ত ধাপের কর্মসূচি শুরুর ঘোষণা আসতে পারে আজ সোমবারই। সে ক্ষেত্রে আগামীকাল থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত টানা অবরোধ দেয়া হতে পারে। কর্মসূচি পালনের ক্ষেত্রে নতুনত্বও থাকতে পারে। জানা গেছে, নতুনভাবে ঘোষিত আন্দোলন কোনো পরিণতির দিকে না এগোলে নির্বাচন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সরকার একতরফা নির্বাচন করে দশম সংসদ গঠন করে ফেললেও কর্মসূচি থামবে না। সমঝোতা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলন প্রশ্নে অনমনীয় মনোভাব ধরে রেখেছেন জোটনেত্রী খালেদা জিয়া। শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে তার ফল ২০০৮ সালের মতোই হবে বলে তিনি গত সপ্তাহে সিনিয়র নেতাদের বৈঠকে হুঁশিয়ার করে দেন।
বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে ধৈর্য ধারণ করে কর্মসূচি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সরকার একতরফাভাবে নির্বাচন করে ফেললেও বিএনপির হতাশ হওয়ার কিছু নেই। সরকার এভাবে বেশি দূর যেতে পারবে না। শেষ বিচারে বিএনপিরই লাভ হবে।

সংগৃহীত