Showing posts with label লেখালিখি. Show all posts

স্বপ্নঘোর


.

বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমদের মিসির আলি আমাকে এসে বললো, উঠো, উঠো। যাবেনা?

আমি বললাম কোথায়?

আরে তুমি না বলছিলে আজ বৃন্দাবন যাবে? যেখানে তোমার ভালোবাসাগুলো তোমার অধীর অপেক্ষায় থাকবে? তুমি না গেলে তাদের কী হবে? তারা কী করবে? তারা না তোমাকে বলেছিল। আজ তুমি না ফিরলে ফর এভার আর তাদের সাথে তোমার দেখা হবে না?

আমি চোখ মুছতে মুছতে উঠে বললাম, তাদের বলেছিলামতো আসবো। তবে এখনই যেতে হবে কেন? অন্যদিন, অন্য সময় গেলে হয় না?
মিসির আলি বললো। না, আজ, এখনি যেতে হবে। না গেলে যে ওরা অপেক্ষায় থাকবে!
চারিদিকে তাকিয়ে দেখলাম ভীষণ ঝড়োমেঘ। ঝড়ঝাপটা। অনেক বাতাস। মনে হচ্ছে সব কিছু কালো অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। এখনি সব ভেঙ্গেচুরে তচনচ করে দিয়ে যাবে। হঠাত মনে হল। আজতো সাইক্লোন বুলবুল হামলা করার কথা। দেশের বিভিন্ন স্থানে ৯-১০ নং সতর্ক সংকেত ঘোষনা করেছে। ১০টা যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। মনে হয় বুলবুল হামলা করেছে। তাহলে কিভাবে আজ আমার ভালোবাসারা না জানি কোন অবস্থাসংকট মোকাবিলা করছে 😢!

এদিকে মনে মনে ভাবছি বেটারা সাইক্লোনের আর কোন নাম খুজে পেলো না? কাজি নজরুল ইসলামের প্রিয় শব্দ বুলবুলের নামেই চালিয়ে দিল! তারা আর কোন নাম দিতে পারলো না? কবির একটি ভালো অর্থের শব্দকে তারা ভয়ংকর তাণ্ডবলীলার নামকরণ করলো? মনটা খারাপ হয়ে গেল।
যাক, এরমধ্যে দেখা যাচ্ছে, পরিবেশ একটু হালকা হচ্ছে। বাতাস কমে যাচ্ছে। আকাশে আলো উকি মারছে। চারিদিকে কিছু হাহাকার শুনা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে চারিপাশ শুনশান নিরব। অন্যদিকে আবার মিসির আলির চেঁচামেচি। চলো, চলো।

ভেবে দেখলাম পরিস্থিতি যাই হোকনা কেন। এই অবস্থায় আমার যাওয়া জরুরি। ভাগ্যিস মিসির আলি আমাকে জাগিয়ে তুলেছে। না জানি বৃন্দাবনে আমার ভালোবাসারা কেমন আছে? কি করছে? নাকি বুলবুল তাদের কোন ক্ষতি করে পেলেছে! এসব চিন্তা করতে করতে তাড়াতাড়ি যাত্রা শুরু করলাম।

যাওয়ার পথে দেখা হল বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু শাহজাদির সাথে। সে কি বিষন্নতা তার সমস্ত অবয়বে! যে কিনা এক সময় এত অপরূপ সুন্দরি ছিল। ক্যাম্পাসে সে যখন হেটে যেতো তখন এমন কোন ছাত্র ছিলনা তার দিকে তাকিয়ে থাকতোনা।

অথচ আজ তাকে এতটা বিদগ্ধ দেখাচ্ছে! আমি যেন তার দিকে তাকাতেই পারছিনা।

কী হয়েছে? জানতে চাইলে শাহজাদি বললো সাইক্লোনে তার স্বজনদের হারিয়ে ফেলেছে।

এখন সে তাদেরকে পথে পথে খুঁজে বেড়াচ্ছে। আর আহাজারি করে বিলাপ করছে। বলছে তোমরা আমার প্রিয়জনদের খুঁজে দাও। এনে দাও। এসব বলে, সে কি আর্তনাদ তার।

বারে বারে মন চাইছিল শাহজাদিকে সাথে নিয়েই আসি। জোর করে হলেও নিয়ে আসি। সে এখন কী করবে? কোথায় যাবে? কোথায় খুঁজবে? তাই বার বার জোর করে তাকে বলেও ছিলাম। তুমি চলো আমাদের সাথে। আমার ভালোবাসাদের কাছে।

কিন্তু কিছুতেই সে রাজি হল না। সে তার হারানো প্রিয়জনদের খুঁজছেতো, খুঁজছেই।

আমরা ওকে কোন শান্তনা দিতে পারিনি। তাকে যে একটু সময় দেবো। তার পাশে দাঁড়াবো, তাও পারিনি।

কারণ আমার যে আরেক কঠিন তাড়া। কেমন আছে আমার ভালোবাসারা বৃন্দাবনে? এই ভাবনাগ্রস্ত নেশা নিয়ে শাহজাদিকে একা ফেলে রেখে আবার যাত্রা শুরু করলাম বৃন্দাবনে। যেতে যেতে পথে পথে আরো কতকিছুর সাক্ষাত হলো। তা আর বলে শেষ করা যাবেনা।

অবশেষে বৃন্দাবনে পৌছে দেখি চারিদিকে এক ভয়াবহ নিরবদ্য নিরবকাশ! যা দেখেই শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেল। একি দেখছি। আমার ভালোবাসাদের আশ্রয়স্থলের নিশানাও খুঁজে পেলামনা। চারিদিকে অনেক খুঁজেও তাদের সন্ধান পেলাম না। আশেপাশের দুএকজনকে পেয়ে জানতে চাই, তোমরা কি দেখেছো আমার ভালোবাসাদের? কোথায় আমার ভালবাসারা? কোথায় আমার প্রিয়তমারা?

অবশেষে একজন বললো, গভীর রাত পর্যন্ত তারা তোমার অপেক্ষায় ছিলো কিন্তু শেষ রাতে বুলবুলের আঘাতে, কঠিন এক ঝড়োমেঘ তাদেরকে তুলে নিয়ে গেছে। তারা হারিয়ে গেছে! শুনে আমার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে।

মিসির আলি আমাকে তুলে আনার চেষ্টা করছেতো করছেই। আমি উঠতে পারছিনা। আমি বাকরূদ্ধ। মিসির আলি আমাকে টানছে আর টানছে।

মিসির আলির হেঁচকা টানে চোখ খুলে জানালায় তাকিয়ে দেখি। মৃদু বাতাসে পর্দাগুলো দোল খাচ্ছে। পর্দার ফাঁকেফাঁকে দেখছি আকাশে সুন্দর একটা আলো ছড়াচ্ছে। যেন এই বুঝি অন্ধকার শেষ হয়ে কালচে - নীল - লাল রং এর মিশেলে চমৎকার একটি দিনের আলো উঠে আসছে। উঠে বসলাম। ভাবছি আমি এতক্ষণ কি দেখলাম।

আসলে আমার বৃন্দাবনের ভালোবাসারা আর লেখকের অতি জনপ্রিয় চরিত্র মিসির আলি আমাকে এতক্ষণ একটি স্বপ্নে, স্বপ্নঘোরের মধ্যে তাড়াচ্ছিল।

পহেলা বৈশাখ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ


.

পহেলা বৈশাখ আজ এমন একটি উৎসবে পরিনত হয়েছে যা দেখলে বিশেষ করে ঢাকায় মনে হয় অন্যরকম এক প্রাণের মেলা, এইদিনটিতে রাস্তা, ঘরবাড়ি, হল, কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল, ফাইভ স্টার হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক যেদিকেই তাকাবেন, দেখবেন সবাই ব্যস্ত, আনন্দ ব্যস্ত। সারা শহরের দিকে তাকালে আপনার মনে হবে এটি যেন ঈদ, দুর্গোৎসব বা বড়দিনের উৎসবকে অতিক্রম করে ফেলেছে। তবে তা মনে হয় আরো প্রায় ১০/১৫ বছর আগেই অতিক্রম করে ফেলেছে। শুধু ঢাকা কেন এখনতো এটি জেলা ছাড়িয়ে উপজেলা, কোথাও কোথাও ইউনিয়নে চলে গেছে। দেশের বাহিরে যে দেশেই বাঙ্গালিরা আছে সেখানেই বৈশাখ পালন হচ্ছে ধুমধাম করেই। ঈদে বা পূজায় মানুষ যে পরিমান নতুন কাপড় ইত্যাদি কেনাকাটা করে তার চেয়ে অনেক বেশি কেনাকাটা করছে পহেলা বৈশাখে। দোকানগুলো খালি থাকেনা, কাপড়ের দোকান বা টেইলার শপগুলো ডেলিভারি দিয়ে কুলোতে পারছেনা।
আসলে এই উৎসবটি সম্মিলিত বাঙ্গালির উৎসবে পরিনত হয়েগেছে বহু আগেই। আমি জানি আমার এই কথায় আমার সাথে অনেকেই ভিন্নমত পোষণ করবেন। করতেই পারেন। আমার দীর্ঘদিন থেকে তাই মনে হচ্ছে, দেখে, বুঝে এবং জেনে আমি আমার ধারনাগত মতামত তুলে ধরলাম মাত্র।

ঈদ যখন আমরা করি তখন শুধু মুসলিমরাই করি, পুজা করে শুধুই হিন্দুরা আর বড়দিন করে এদেশের বাঙ্গালি খৃষ্টানরা, আমাদের দেশে যাদের কথা বলছি এরা সবাই বাঙ্গালি। ধর্মে আমরা ভিন্ন ভিন্ন হলেও আমরা যেমন কেউ মুসলমান, কেউ হিন্দু বা সনাতনী, কেউ খৃস্টান। সবাই কিন্তু বাঙ্গালি। এখন প্রশ্ন জাগতে পারে ধর্ম আগে না বাঙ্গালি আগে? আমি এই বিতর্কে যাবো না। অন্তত আমরা সবাই এটাতো মানবো আমরা বাঙ্গালি, এক সময় আমাদের বাবা, দাদা, আরো আগের, আরো আগের প্রজন্ম বাঙ্গালী ছিল। বছরের এইদিনে হাল খাতা হতো, দোকানি বকেয়া আদায় করতো, ক্রেতা নতুন জামা পরে দোকানে গিয়ে বকেয়া পরিশোধ করতো, দোকানী সবাইকে মিষ্টি খাওয়াতো। গ্রামে গ্রামে মেলা বসতো শত শত ছেলে মেয়ে, ছাত্র যবুক, বুড়ো সবাই বৈশাখী মেলায় যেতো। এখন যুগের সাথে কালের পরিবর্তনশীলতায় বৈশাখী মেলাও পরিবর্তন হয়েছে মাত্র। এটা বঙ্গের সংস্কৃতি, বাঙ্গালির শিকড়। একে অবহেলা কিংবা অন্যভাবে বিবেচনা করা ঠিক নয়। হয়ত এই বৈশাখ উদযাপন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনি যেভাবে চাইবেন সেভাবে হয়ত পালন হচ্ছে না, আমি যেভাবে চাইছি সেভাবে হয়ত পালন হবেনা। মানুষ মাত্র মতের ভিন্নতা থাকবে কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নাই, যদি আপনি এটুকু স্বীকার করেন পহেলা বৈশাখ বলতে বাঙ্গালির কিছু একটা ছিল। তাহলে আপনাকে পহেলা বৈশাখ মানতে হবে, এখানে আসতেই হবে। বরং এখানে এসেই আপনার চিন্তাগত ভিন্নতার পরিবর্তনের চেষ্টা করতে পারেন। কিন্তু দুরে থেকে এর বিরুদ্ধাচরণ করে এটিকে থামাতেও পারবেন না, ঠেকাতেও পারবেননা। বরং এর ভক্ত সমর্থক দিন দিন বেড়েই চলছে, যা চলা উচিৎ।



আমাদের বুঝতে হবে পহেলা বৈশাখের সাথে ধর্মের মানে কোন ধর্মের সাথেই বিরোধ নাই। যেমনিভাবে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের বিরোধ নাই। আমাদেরকে এসব বিবেচনা করেই চলতে হবে, এগুতে হবে। এই বিষয়গুলো গভীরভাবে ভাবনায় না আনায় বরং এই অতি মূল্যবান ইস্যুগুলো নিয়ে দেশের একটি গোষ্ঠী চেতনার ব্যবসা করছে এবং জাতীয়তাবাদীদের আঘাত করছে এই ইস্যুগুলোকে পুজি করেই। যেমন ধরুন যেহেতু শহিদ জিয়া একজন খাটি মুক্তিযোদ্ধা, আর তারই জম্ম দেওয়া দল মুক্তিযুদ্ধের সুবিধাভোগী হতে পারবে না, এটা কেমন করে হয়?

বাংলাদেশের মৌলিক দুটো ইতিহাস যদি আপনি খোঁজেন, যা আজকের নতুন প্রজম্ম খুজছে এবং আসক্ত হয়ে পড়েছে তা হলো এক. মুক্তিযুদ্ধ, দুই. বাঙ্গালির লোক সংস্কৃতি, আবাহমান কালের বাঙ্গালির ঐতিহ্যগত সংস্কৃতি পহেলা বৈশাখ। এই দুটো অতি গুরুত্বপূর্ন বিষয়কে আপনি আমি এড়িয়ে চলার কারণেই এদেশের অপগোষ্ঠীটি মহা মূল্যবান এই বিষয়গুলোকে হাতিয়ার বা অস্ত্র হিসাবে ব্যবহার করে যাচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে, জাতীয়তাবাদীদের বিরুদ্ধে। এই হাতিয়ার তাদেরকে একতরফাভাবে ব্যবহার করতে দেওয়া কোনভাবেই ঠিক হবেনা। এই হাতিয়ার ধরে ফেলতে হবে, অধিকার নিয়েই এই হাতিয়ারে ভাগ বসাতে হবে। এর থেকে দুরে থাকা মানে বিশাল এলাকা, বিশাল ইস্যু ও বিশাল অনাগত প্রজম্মের পর প্রজম্ম প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। তা কেন হবে। মুক্তিযুদ্ধ এদেশের সবার, তেমনি নববর্ষ বা পহেলা বৈশাখও দেশের সবার। তাই এর ভাগিদারী কেন শুধু তারা একাই হবে বা নিবে? আমরা নয় কেন? তাই আসুন সবাই মিলে এখন থেকে এমন করেই ভাবি এবং এই চিন্তার বাস্তবায়ন করি।

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না?


.

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না? তোমার জন্য, ইলিয়াস আলীর জন্য কিছু করতে না পারার যে কি যন্ত্রনা ও কষ্ট তা তোমাকে বুঝাতে পারবো না। দূরপথ থেকে তা তুমি টেরও পাচ্ছো না।

মানুষ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, জ্যাকেট, সুয়েটার কিংবা স্যুট কত কিছুই পরে। আমিও এসব পরে আসছি। তুমি কিন্তু এসবের বাইরে সাফারিও পরো, যা রাষ্ট্রনায়ক জিয়া সবচেয়ে বেশি পরতো। কিন্তু তুমি হারিয়ে যাওয়ার কয়েক মাস আগ থেকে আমার ভেতর একটি বায়না উঁকি দিচ্ছিল বার বার। তা হলো, এবার প্রকাশ্যে বের হলে তোমার মতো, জিয়ার মতো করে সাফারি পরে রাজনৈতিক কর্মকাণ্ডে যাবো।

আমার এক বন্ধুকে বারবার বলছিলাম, 'সাফারি ভালো বানাতে পারে কোন টেইলার'? সে বললো, 'কেন'? আমি বললাম, 'সালাউদ্দিন ভাইয়ের মত সাফারি পরবো'। দুজনে আলাপ করে টেইলার পছন্দ করলাম, কাপড় ও কাপড়ের ধরনধারণ ঠিক করলাম। কিন্তু কি নির্মম! এর কয়েকদিন পরই তুমি নাই। তোমাকে ওরা তুলে নিয়ে গেল, স্বীকারও করলো না। তোমার বউ আর সন্তানেরা দৌঁড়াচ্ছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। আমরা কিন্তু কেউই তোমার জন্য কিছু করতে পারলাম না! শুধু কাগজের বিবৃতি ছাড়া। আফসোস, এখন শুধু ভাবি, আমি কেন তোমার মত সাফারি পরতে চাইলাম?

২০০৬ সালে খাগড়াছড়ি পর্যটন মোটেল উদ্বোধনের সময়ও আমার পাশে ছিলেন সালাউদ্দিন ভাই। সেদিনও কাকতালীয়ভাবে তার গায়ে ছিল সাফারি স্যুট।

একবার বেগম জিয়ার রোডমার্চ ঢাকা থেকে বগুড়া- চাপাই নবাবগঞ্জ- কুষ্টিয়া হয়ে রাজশাহী গেল। রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকা। আমি সেই রোডমার্চে সালাউদ্দিন ভাইয়ের সাথে তার একটা আরামদায়ক হায়েস গাড়িতে সঙ্গী হলাম। সিলেটের সাবেক ছাত্রনেতা বিপুলও আমাদের সাথে। সালাউদ্দিন ভাই যাত্রাপথে গাড়িতে কিছু কাগজপত্র নিয়ে উঠলেন। তার পরিকল্পনা ছিল, প্রায় তিন দিনের ভ্রমণে অন্তত এই কাগজপত্রগুলো দেখা হয়ে যাবে। পড়ে নিবেন।

যাত্রার শুরুতে তিনি আমাদেরকে বললেন আমি কিন্তু গাড়িতে কিছু পড়াশুনা করবো। আশা করি, তোমরা আমাকে ডিস্টার্ব করবেনা। আমরা বললাম, ওকে, আপনি আপনার কাজ করেন। আর আমরা আমাদের কাজ করবো। আশা করি সমস্যা হবে না। কিন্তু পথে পথে এতো মানুষের ঢল নামলো। মানুষকে হাত দেখানো, হাই বলা, ভিড় ঠেলে এগিয়ে যাওয়া, সে কি আনন্দ! এমন অবস্থায় আমি আর বিপুল নিজেদেরকে ধরে রাখতে পারলাম না। সেই আনন্দে আমরাও মাতোয়ারা হয়ে গেলাম।

সালাউদ্দিন ভাই বার বার কাগজগুলো দেখতে চেষ্টা করেও পারছিলেন না। তার উপর আমার এলাকা থেকে এতো ফোন আসছিল! একটার পর একটা কল আসছেইতো আসছেই এলাকার নানা সমস্যা নিয়ে। ওখানে ওকে মারছে তো আরেকজনকে ধরছে। ওর বাড়ি ভাংচুর তো, আরেকজনের দোকান ভাংচুর। এভাবে চালাচ্ছে পুলিশ ও সরকারীদলের হামলা-নির্যাতন। মোবাইলে নেতা কর্মীরা এসব আমাকে জানাচ্ছিল। হয়তো, একটু সান্তনা ও পরামর্শ পাওয়ার আশায়। ফলে এতো কথা আর কথার মধ্যে সালাউদ্দিন ভাইয়ের পড়া গেল জলে। শুধু আফসোস করে বললো, 'তোদের সাথে আমার আসাই ঠিক হয়নি'। আর আমাকে বললো, 'তোমার এলাকায় এতো সমস্যা! কি করে সামলাচ্ছো'? বেচারা এমনিতেই কম কথা বলেন। আর আমাদের দু' জনের অত্যাচারে তার একটু নিদ্রাও যেন হারাম হয়ে গেল!

সালাউদ্দিন ভাই সিগারেট খান, তবে অতিরিক্ত না। আমি আবার অতিরিক্ত খাই, যদিও এখন আমি সিগারেট ছেড়ে দিয়েছি। সালাউদ্দিন ভাই গত একমাস খেতে পেরেছে কিনা যদিও তা আমরা কেউ জানি না। তিনি আবার গাড়িতে সিগারেট খেতে পছন্দ করতেন না। তাই তার সিগারেট খাওয়ার ইচ্ছা জাগলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আমাকে বলতেন, 'চলো, বাহিরে নেমে সিগারেট খেয়ে আসি'। তারপর বাহিরে দু' জনে সিগারেট খেতে খেতে টুকটাক কথা বলতে বলতে গাড়িতে ফিরে আসা। এভাবেই চললো আমাদের নেত্রীর সাথে রোড মার্চের বহরের যাত্রা। এক ফাঁকে সালাউদ্দিন ভাইকে বলেই ফেললাম, আপনার সাফারিগুলো কোথায় বানান? সামনে কখনো আমিও আপনার এই ডিজাইনের সাফারি পরবো। তিনি 'তাই নাকি?' বলে মুচকি মুচকি হাসলেন। অসাধারণ ছিলো তার মুচকি হাসি। আজও সেই হাসিগুলো আমার চোখে ভাসছে।

এর আগে বগুড়ায় আমরা রাত্রী যাপন করলাম, বগুড়ার সবচেয়ে বড় ও আকর্ষণীয় হোটেলটিতে। কি জানি নাম হোটেলটির, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আমাদের বগুড়ার স্থানীয় নেতা শোকরানা সাহেবের হোটেল। হোটেলে কিছু খোশগল্প করতে করতে আমি, সালাউদ্দিন ভাই, আন্দালিব রহমান পার্থসহ এক টেবিলে এবং পাশের টেবিলে মহাসচিবসহ সিনিয়র নেতারা সবাই মিলে রাতের ডিনার শেষে রুমে গিয়ে কিছু আড্ডা ও রাজনৈতিক আলোচনা শেষে ঘুম দিলাম। এবং পরের দিন সকালে আবার রোড মার্চের যাত্রা শুরু। এভাবেই একসাথেই তিনদিন কাটিয়ে দিলাম লোকটার সাথে। কত কথা মনে পড়ছে আজ! কিন্তু সে নেই এবং আমরা এতোটা দুর্ভাগা যে, আজও জানতেও পারলাম না, সে কোথায়! ইলিয়াস আলী কোথায়! কেমন আছে কিংবা তারা আদৌ জীবিত কিনা।

প্রায় সব শেষে রাজশাহীর জনসভার পর নাটোর আসলাম আমরা রোডমার্চের বহরের সাথে। এরই মধ্যে পথে আমরা কঠিন ক্ষুধার্ত হয়ে গেলাম। যদিও সালাউদ্দিন ভাই অনেক শুকনো খাবার নিয়েছিলেন, আমরাও যার যার মত করে বেশ খাবার নিয়েছিলাম। কিন্তু এখন কোথায় কিভাবে খাবো আমরা? অনেক রাত, হোটেল বা অন্য কোথাও খাওয়ার সুযোগ এবং পরিবেশ কোনটিই নাই। সব এলাকার নেতারাও ব্যস্ততম সময় পার করছে রোডমার্চকে ঘিরে। কি করা পেটের হাহাকার মানছে না আর। এরমধ্যে আমাদের অপর সঙ্গী বিপুল বলে উঠলো, আপনাদের যদি কোন আপত্তি না থাকে, আমি সাধারণ ও স্বল্প পরিসরে খাওয়ার আয়োজন করতে পারি। তখন নাটোর পৌছতে আমাদের বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে। আমরা বললাম, কোথায় কিভাবে সেই আয়োজন হবে? বিপুল বললো, মাফ করবেন! এই মূহুর্তে আমি সেই কথা বলবো না। অনুমতি দিলে আমি এক্ষুনি রান্নার ব্যবস্তা করতে মোবাইলে জানিয়ে দিচ্ছি। আমাদের যাওয়ার পথে রাস্তার পাশেই। সালাউদ্দিন ভাই বললেন, নিরিবিলি ও কেউ না দেখে মত এমন একটা জায়গায় দুটো খাবার ব্যবস্থা হলে হয়। বিপুল মোবাইলে কোথায় জানিয়ে দিলো রান্নার জন্য আমাদের আর বুঝার সুযোগও হলোনা।

নাটোর শহরে পৌছার পর বিপুল আমাদেরকে নিয়ে গেল একবাড়িতে, সুন্দর ও মনোরম এক পরিবেশে অত্যন্ত সুস্বাদু খাবার তারা আমাদেরকে খাওয়ালেন! এতো অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটা ঘটলো যে, আমরা হতবাক হয়ে গেলাম! খাওয়া শেষে জানলাম, ওই বাড়িটি বিপুলের শশুর বাড়ি এবং তার শশুর প্রেসিডেন্ট জিয়ার আমলে নাটোরের এম.পি ছিলেন। তারপর আমাদের শেষ যাত্রায় আমরা ভোররাতে ঢাকায় পৌছালাম। সালাউদ্দিন ভাই আমাদের যার যার বাসায় নামিয়ে দিয়ে তিনি গেলেন তার বাসায়, তখন প্রায় সকাল। কিন্তু ভাই আজ তুমি নাই এটা চিন্তাই করতে পারছি না!

এই সালাউদ্দিন ভাইয়ের সাথে ১/১১ অবৈধ জরুরী সরকারের সময়ে কারাগারে একসাথে কাটানোর অনেক স্মৃতি, অনেক ঘটনা মনে জমে আছে আজ। সংসদে, মন্ত্রনালয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কতো কাজ, কথা ও গল্প এখন শুধুই বেদনা।

ফেইসবুকের জন্য লেখাটি বড় হয়ে গেছে। কারাগার ও অন্যান্য অবস্থানের বর্ননা আজ আর দিলাম না। অন্য একদিন সুযোগ পেলে লিখবো। আরো দেবো ইলিয়াস আলীর সাথের কিছু বর্ননা।

বন্ধুগণ, যেই আবেগ নিয়ে লেখাটি শুরু করেছিলাম, সেভাবে সালাউদ্দিন ভাইকে নিয়ে লেখাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, সরি।

হেঁয়ালি কবি!


.

কবি আজকাল যা লিখছেন, তা পড়ে আমার ভালো লাগে। আর ভাবি, এগুলো কি কবির আসল কথা? না কবির লেখার চরিত্রগুলোর জন্য এই সংলাপগুলোর জন্ম দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে?

আজকাল দেখছি, কবি আবার চিরন্তনী ভালবাসার কথাও বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, এগুলো কি কবির নিজের ভালবাসার গল্প? না শুধু কবিতার প্রয়োজনেই এসব ভালবাসার কথামালার জন্ম?

বুঝা যায় না! কবি আজকাল অনেক শক্ত শক্ত কথা দিয়ে কবিতা লিখেন, কঠিন সব কবিতা! কিন্তু যদি কবিতার কথাগুলো কবির নিজের কথাই হয়ে থাকে তবে কি কবি আগের জায়গায় থেকে বলছেন? না নতুন মানুষ, নতুন স্থান কাল নিয়ে লিখছেন? মাঝে মাঝে পড়ে মনে হয়, কবি নতুন জায়গা, নতুন মানুষ নিয়ে ধ্যানযোগে আছেন। আবার ভুল করে মনে হয়, না, কবি সাবেক মানুষকে নিয়েই পুরানো সব দিনের কথা বলছেন। বুঝি না বাপু! কবি কোন দিকে তাকিয়ে যত্তোসব ডায়লগ দিয়ে যাচ্ছেন।

হে প্রভু শক্তি দাও মোরে, জ্ঞান দাও মোরে বুঝিবার তরে, কবি চাহিয়াছে কি হে!!

আমার জনপ্রিয়তাই আমার অপরাধ ও হলুদ সাংবাদিকতা


.

প্রথম পর্ব


পত্রিকার ৪/৫ জন খাগড়াছড়ির জেলা প্রতিনিধি একযুগ ধরে আমার বিরুদ্ধে নিউজ করে আসছে জাতীয়, আঞ্চলিক, অন লাইন গনমাধ্যম ও টিভিতে। কারন এরা একেকজনে ৩/৪ টা গনমাধ্যমে কাজ করে। এরা তিলকে তাল করে আর সাদাকে কালো, কালোকে সাদা বানায়।

এখন প্রশ্ন হলো তারা কেন আমার বিরুদ্ধে মিথ্যাচার করে? এর উত্তর আমার কাছে নাই। তবে এইটুকু বলতে পারি, আমি বিএনপি করি আর তারা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে থেকে আওয়ামী লীগ করে। এদের দায়িত্ব হলো বিএনপি ও ওয়াদুদ বিরোধী নিউজ করে অপপ্রচার চালানো, তারা ঠিক তাই করে যাচ্ছে। যেমন : গত ২-৩ দিন ধরেও আমার বিরুদ্ধে তারা ক্রমাগত হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে। এদের মধ্যে দুইজন, করে আওয়ামী লীগ, আচরনে কমিউনিস্ট, কিন্তু জামাতের মিডিয়ার জেলা প্রতিনিধি!

এরা মাঝে মাঝে বিএনপি'র শুভাকাঙ্ক্ষী সেজে যায়, তবে সেই বিএনপি হতে হবে ওয়াদুদ ভূইয়া বিহীন বিএনপি। তাদের কাছে ওয়াদুদ ভূইয়া খারাপ। জনগন হলো ওয়াদুদের সাথে আর এরা বলবে ওয়াদুদের জনসমর্থন নাই এবং খারাপ লোক। যদি তাই হয় সেক্ষেত্রে আমিতো গুরুত্বহীন লোক, তো গুরুত্বহীনকে এতো গুরুত্ব দিয়ে নিউজ করার কারন কী? যার জনপ্রিয়তাই নাই, তাকে নিয়ে তাদের এত উদ্বেগ ও আতংকের কারন কী? তা আপনারা বুঝে নিন।

মূলত ওরা চায়, যে কোন উপায়ে খাগড়াছড়ি বিএনপি টিকে থাকুক তবে দুর্বল একটা বিএনপি, যা কিনা আওয়ামী লীগের অনুগত হবে। যে বিএনপিকে আওয়ামী লীগের ইচ্ছেমত পরিচালিত করা যায়,নির্দেশ মত কর্মসুচি বন্ধ রাখা যায়। তারা ওয়াদুদের পরিবর্তে এমন একজনকে বিএনপি'র নেতা বানাতে চায়, যে কিনা দূর্বল ও জনসমর্থনশূন্য নেতৃত্বের অধিকারী এবং নির্বাচনে যাকে অতি সহজেই পরাজিত করা যায়। যা কিনা আমাকে দিয়ে কখনো সম্ভব নয়। বরং ইনশাআল্লাহ প্রতি পদে পদে আওয়ামী লীগ সেখানে আমাদের কাছে পরাজিত হবে। এবং জনগন আমার সাথে, এটাই আমার একমাত্র অপরাধ। এছাড়া আর কোন অপরাধ আমার জানামতে দেখি না।

দ্বিতীয় পর্ব


গতকাল আমার জনপ্রিয়তাই আমার অপরাধ ও হলুদ সাংবাদিকতা প্রসংগে একটি স্টাটাস দিয়েছিলাম। একই বিষয়ে আজ দ্বিতীয় পর্ব দিচ্ছি আপনাদের অবগতির জন্য।

যা বলছিলাম, পার্বত্য অঞ্চলে এতো ইস্যু থাকতে খাগড়াছড়ি জেলার সক্রিয় আওয়ামী ঘরানার ওই ৪/৫ জন সাংবাদিক কেন যে সারাক্ষন আমাকে নিয়ে পড়ে আছে, তা আমি বুঝে উঠতে পারি না। তাদের অবস্থা ও কার্য্যকলাপ এমন যে, দেখলে মনে হবে এই হলুদ, আওয়ামী ও পেইড সাংবাদিকগুলোর মাথায় আমি ছাড়া আর কিছুই নাই। তাদের মাথায় ও মনে সারাক্ষন আমি ঘুরে বেড়াই। নাকি আমাকে নিয়ে যত বেশী মাথা ঘামাবে বা লিখবে ততবেশী আয় করার ব্যবস্থা হয় কিনা তাও বুঝিনা। অবশ্য লোক মুখে শুনা যায় তারা নাকি আমার বিরুদ্ধে যত নিউজ করে তত টাকা পায় আমার প্রতিপক্ষের কাছ থেকে। যদি তাই হয় তাহলে তো তারা আমাকে ধন্যবাদ দেয়া উচিত, কারন আমি আছি বলেইতো তারা লিখতে পারছে, আর সে কারনে টাকা পাচ্ছে। আমার করনে যদি সত্যিই তাদের ইনকাম হয়ে থাকে, তবে তো তারা আমাকে বন্ধু ভাবা উচিৎ। আমি শেষ হয়ে গেলে তো তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। আমার কারনে যে আয় হচ্ছে তাদের তা কি তারা বুঝে না?

পার্বত্য অঞ্চলে হাজারো ইস্যু আছে, যেমন প্রতিদিন খুন খারাবি হচ্ছে, অপহরণ, মুক্তিপন আদায়, চাঁদাবাজি হচ্ছে। অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এসব নিয়ে তাদের কোন মাথা বেথ্যা নাই। আঞ্চলিক স্বশস্ত্র দলগুলো প্রতিনিয়ত নৃশংস, অমানবিক কর্মকান্ড চালাচ্ছে, যা সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে হিমসিম খেতে হচ্ছে। অথচ এরা এসব নিয়ে লেখে না। এরা আছে আমাকে নিয়েই।

স্থানীয় জেলা পরিষদের চরম অনিয়ম, নিয়োগ বানিজ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল নিয়োগে ঘুষ গ্রহন, হাজার হাজার টন খাদ্যশষ্য লুট, তথাকথিত জাতীয় নির্বাচন, লুটতরাজময় উপজেলা নির্বাচন, টেণ্ডারে চরম অনিয়ম সহ শত শত দূর্নীতির বিরুদ্ধে এরা দু' কলম লিখে না। যদিও লোকে বলে এই সাংবাদিকরা নাকি এসবের ভাগ পায়। তাহলে এইটা কি প্রমান করে না, আমার কাছ থেকে কোন রকম ভাগ পায়না বলেই এরা আমাকে নিয়ে উঠেপড়ে লেগেছে? এখন প্রশ্ন হলো আমি ভাগ কেন দেব কোত্থেকে দিবো?

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ সকল গুচ্ছগ্রামের রেশন, টি আর/কাবিখা/ কাবিটা, জেলা পরিষদ, পৌরসভা সহ সকল সরকারী বিভাগে চরম অনিয়ম ও দূর্নীতি চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস, নৈরাজ্য চালাচ্ছে প্রতিনিয়ত। বিরোধী দলের নেতা কর্মীদের উপর চালাচ্ছে অমানবিক নির্যাতন ও হামলা-মামলা, কিন্তু এই একটি রাজনৈতিক দলের পৌষ্য এই হলুদ ৪/৫ জন সাংবাদিক ব্যবসায়ীরা এসব বেমালুম এড়িয়ে যাচ্ছে।

তারা আছে শুধু আমাকে হেয়প্রতিপন্ন কিভাবে করা যায় বা বিতর্কিত করা যায় সেই ধান্দায়। তারা নিউজে লিখে আমার কোন জনপ্রিয়তা নাই এবং আমার সাথে কোন নেতা কর্মী নাই, তা সত্য হলে তো আমি গুরুত্বহীন। তাই যদি হয়, তাহলে এই ধরনের গুরুত্বহীন ও অজনপ্রিয় ব্যক্তিকে নিয়ে কেউ মাথা ঘামাতেও কখনো শুনি নাই। অথচ এরা একই নিউজে একদিকে লিখে আমি অজনপ্রিয় ও নেতা- কর্মীশুন্য, অপরদিকে তাদের করা পুরো নিউজটাই থাকে আমাকে ঘিরে। তাদের নিউজে যে এলডিপি করে তাকে তারা বিএনপি বানায়, আর যে বহিস্কৃত তাকে বিএনপি'তে আবিস্কার করে। তারা তাদের উপর অর্পিত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দিনকে রাত, আর রাতকে দিন বানাচ্ছে। 

তৃতীয় পর্ব   

গত দুই পর্বের পর আমার বিরুদ্ধে খাগড়াছড়ির কতিপয় সাংবাদিকের বিষেদাগার ও মিথ্যাচার নিয়ে
'আমার জনপ্রিয়তাই আমার অপরাধ ও হলুদ সাংবাদিকতা' শীর্ষক স্ট্যাটাস সিরিজের শেষ পর্ব আজ দিলাম।

২০০৭ সাল। চলছে ১/১১'র অবৈধ জরুরী সরকারের আমল। দেশের শীর্ষ ৫০ জন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাকেও সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার গ্রেফতার করল। হ্যাঁ, স্বীকার করতে দোষ নেই সব রাজনৈতিক নেতা নির্দোশ ছিলনা। কিন্তু সমস্যা হলো, এই অবৈধ জরুরী সরকার যাদেরকেই তাদের পথের কাঁটা মনে করেছে, তাদেরকেই গ্রেফতার করেছে, এখানে দূর্নীতিবাজ হওয়া না হওয়া মূখ্য বিষয় ছিল না। একই সাথে রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের ধারনাটা লুফে নিয়ে, গ্রেফতারকৃতদের নামের সাথে দূর্নীতিবাজ তকমা লাগিয়ে জনসমর্থন আদায় করাও চেষ্টা হয়েছে। কিন্তু মূল ব্যাপারটি সেটা ছিল না। ঢালাওভাবে দূর্নীতিবাজ তাদেরকেই বলা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে, যারা এই অবৈধ জরুরী সরকারকে সমর্থন করতে রাজী হয়নি। তখন সেইসব নেতাদের খুব সহজেই দূর্নীতিবাজ আখ্যা দিয়ে গ্রেফতার করেছে তারা। অথচ, জরুরী সরকারকে যারা প্রকাশ্যে বা পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে, তথা সকল সংস্কারপন্থীরা যেন ছিল ফুলের মত পবিত্র! তাদের কেউই যেন দূর্নীতিবাজ নয়! তাই যেন তাদের গ্রেফতারও করা হয়নি!

আমি আগেই বলেছি, দেশের অধিকাংশ রাজনীতিবিদের সম্পর্কে মানুষের একটি নেতিবাচক ধারনা আছে। এই ব্যাপারটিকে উস্কে দেয়ার জন্য তৎকালীন সরকার দেশের অধিকাংশ সংবাদপত্রকে হয় কিনে ফেলে নয়তো হুমকি-ধমকি দিয়ে নিজেদের পক্ষে লিখতে বাধ্য করে। আমি সেই আশির দশক থেকে পাহাড়ের রাজনীতির সাথে উতপ্রোতভাবে জড়িত। আমাকে আমার এলাকার মানুষ কীভাবে দেখে, সেটি জানার জন্য আপনি খাগড়াছড়ি বা জাতীয় পত্রিকার দিকে তাকালে ভুল করবেন। বরং, একবার ঘুরে আসতে হবে খাগড়াছড়িতে এবং পার্বত্য চট্টগ্রামে। সাধারন মানুষের কাছ থেকে জেনে নিতে হবে ওয়াদুদ ভূইয়াকে তারা কীভাবে দেখে। আমি স্রষ্টার কাছে অনেক কৃতজ্ঞ, তিনি আমাকে মানুষের এত্ত বেশি ভালোবাসা পাইয়ে দিয়েছেন যে, শান্তনা পাই এই ভেবে নিজের ত্যাগ ও পরিশ্রম স্বার্থক হয়েছ এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে।

আমার এলাকায় রাজনৈতিকভাবে আমার ভিন্নমতালম্বী প্রচুর। কিন্তু তাদের সাথে মতাদর্শজনিত কারনে আমি কখনও সামান্য খারাপ আচরন করেছি বলে আমার মনে পড়ে না। আমার এলাকার বহু সাংবাদিক যুগ যুগ ধরে আমার বিরুদ্ধে নিউজ করে যাচ্ছে, আমি কখনও তাদের ক্ষতি করেছি, এ কথা তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না। কিন্তু মাঝে মাঝে তাদের মিথ্যাচার মাত্রাছাড়া হয়ে উঠে।

আমার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকের খাগড়াছড়ি প্রতিনিধিদের বিষেদাগারের শুরুটা আমার সময়েই। বিভিন্ন অন্যায় সুযোগ-সুবিধাদি আমি তাদেরকে নিতে দিইনি কিন্তু তাদেরকে ন্যায় সংগত প্রচুর সুযোগ সুবিধা দিয়েছি। অন্যায়ের পক্ষে তাদের অবস্থানটা মেনে নিতে পারিনি। সেই ক্ষোভ তারা আরও উগড়ে দিতে শুরু করে জরুরী সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন ও পৃষ্ঠপোষকতায়। আমার বিরুদ্ধে 'জনমত' দাড় করাতে হলে, সেই সরকারের জন্য অন্য কারও মত আমাকেও কেবল 'দূর্নীতিবাজ' আখ্যা দিলেই যথেষ্ঠ হত না। তাদের দরকার ছিল আমার বিরুদ্ধে 'জনমত' গঠন। আমি তখন জেলে। আমার বিরুদ্ধে কি পরিমান নির্মম মিথ্যাচার করেছে তারা, ভাবতে অবাক লাগে! আমি ভেবেছি, তাদের হাত বা কলম কি এতটুকু কাঁপেনি একজন মানুষ সম্পর্কে অসীম মিথ্যাচার করতে? তারা নাকি জাতির বিবেক, আমার প্রশ্ন, এই বিবেক জিনিসটা তারা কোথায় লুকিয়ে রেখেছিল, যখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছিল? আমাকে যারা অত্যন্ত দূর থেকেও চেনে, তারা পর্যন্ত পড়ে অবাক হয়েছে সেসব নিউজ। কাছের মানুষের কথা কী আর বলবো? আমাকে তখনকার নিউজে রীতিমত গডফাদার বানিয়ে দেওয়া হয়েছে। অথচ পাহাড়ে শন্তু লারমা ও প্রসীত খীসা নামের দুইজন দুইটি স্বসস্ত্র দলের 'ফাদার' আছেন। তারা আঞ্চলিক রাজনৈতিক দলের ছদ্মাবরনে অস্ত্রের ঝনঝনানি চালাচ্ছে গোটা পাহাড়জুড়ে। তাদেরকে রেখে আমার মত এমন একজন ব্যাক্তিকে তারা 'গডফাদার' বানাল, যে কিনা একটি জাতীয় গনতান্ত্রিক দল করেন! আমাকে শামীম ওসমানের সাথে তুলনা করা হয়েছে, এরশাদ শিকদারের সাথে তুলনা করা হয়েছে! এসব পড়ে একজন সুস্থ মানুষের গা রি রি করে উঠবে। আমারও উঠেছিল। গা গুলিয়ে উঠেছিল প্রচন্ড ঘৃণায়। কারন উপরের দুইটা মানুষের কর্মকান্ডকেই আমি মারাত্মক ঘৃণা করি। একই সাথে সেইসব হলুদ সাংবাদিকদেরও, যারা বিনা কারনে একটা মানুষকে ক্ষতবিক্ষত করার মিশনে নেমেছে। আল্লাহর রহমতে এসব সামাল দিতে আমার বিন্দুমাত্র বেগ পেতে হয়নি, সামান্যতম ভয় এসে গ্রাস করতে পারেনি, শুধুমাত্র সেসব সাংবাদিকদের প্রতি করুনা ছাড়া। কারন আমি জানি আমি সঠিক ছিলাম। আমার কল্পনাশক্তি সীমাবদ্ধ হয়ে পড়ে, যখন চিন্তা করি, সাধারন মানুষ এদের কলম সন্ত্রাসের কাছে কতটুকু অসহায়।

এরপরও তাদের লিখতে হয় 'নানা বাস্তবতায় জনপ্রিয় ওয়াদুদ ভূইয়া'। বাস্তবতায় মানুষ ক্ষমতাধর হতে পারে, বাস্তবতায় মানুষ ক্ষমতাহীন হতে পারে। কিন্তু বাস্তবতার অজুহাত দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না। 'জনপ্রিয়তা' এমন এক জিনিস, যার উদ্ভব ঘটে সাধারন মানুষের মন নিংড়ানো ভালোবাসা থেকে। জোর করে বা বাস্তবতার ফেরে জনপ্রিয়তা পাওয়া যায় না, বরং শত ত্যাগ-তিতীক্ষা, মানুষের অধিকারের পক্ষে আর ন্যায়ের পক্ষে অবিরাম সংগ্রাম করলেই এটি অর্জন সম্ভব। কোন অন্যায় করলে, মানুষের জন্য কাজ না করলে, মানুষের পক্ষে লড়াই না করে মানুষের পেটে আঘাত করে কখনই এই জনপ্রিয়তা অর্জন সম্ভব নয়। আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি, অনুপ্রেরনা ও রক্ষাকবচ। এটিই প্রমান করে আমি সারাজিবন মানুষের জন্য, এলাকার জন্য কাজ করেছি এবং করে যাচ্ছি। মানুষের অবিরাম ভালোবাসাই প্রমান করে, আমি সঠিক ছিলাম কিনা।