Showing posts with label সমসাময়িক. Show all posts

পহেলা বৈশাখ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ


.

পহেলা বৈশাখ আজ এমন একটি উৎসবে পরিনত হয়েছে যা দেখলে বিশেষ করে ঢাকায় মনে হয় অন্যরকম এক প্রাণের মেলা, এইদিনটিতে রাস্তা, ঘরবাড়ি, হল, কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল, ফাইভ স্টার হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক যেদিকেই তাকাবেন, দেখবেন সবাই ব্যস্ত, আনন্দ ব্যস্ত। সারা শহরের দিকে তাকালে আপনার মনে হবে এটি যেন ঈদ, দুর্গোৎসব বা বড়দিনের উৎসবকে অতিক্রম করে ফেলেছে। তবে তা মনে হয় আরো প্রায় ১০/১৫ বছর আগেই অতিক্রম করে ফেলেছে। শুধু ঢাকা কেন এখনতো এটি জেলা ছাড়িয়ে উপজেলা, কোথাও কোথাও ইউনিয়নে চলে গেছে। দেশের বাহিরে যে দেশেই বাঙ্গালিরা আছে সেখানেই বৈশাখ পালন হচ্ছে ধুমধাম করেই। ঈদে বা পূজায় মানুষ যে পরিমান নতুন কাপড় ইত্যাদি কেনাকাটা করে তার চেয়ে অনেক বেশি কেনাকাটা করছে পহেলা বৈশাখে। দোকানগুলো খালি থাকেনা, কাপড়ের দোকান বা টেইলার শপগুলো ডেলিভারি দিয়ে কুলোতে পারছেনা।
আসলে এই উৎসবটি সম্মিলিত বাঙ্গালির উৎসবে পরিনত হয়েগেছে বহু আগেই। আমি জানি আমার এই কথায় আমার সাথে অনেকেই ভিন্নমত পোষণ করবেন। করতেই পারেন। আমার দীর্ঘদিন থেকে তাই মনে হচ্ছে, দেখে, বুঝে এবং জেনে আমি আমার ধারনাগত মতামত তুলে ধরলাম মাত্র।

ঈদ যখন আমরা করি তখন শুধু মুসলিমরাই করি, পুজা করে শুধুই হিন্দুরা আর বড়দিন করে এদেশের বাঙ্গালি খৃষ্টানরা, আমাদের দেশে যাদের কথা বলছি এরা সবাই বাঙ্গালি। ধর্মে আমরা ভিন্ন ভিন্ন হলেও আমরা যেমন কেউ মুসলমান, কেউ হিন্দু বা সনাতনী, কেউ খৃস্টান। সবাই কিন্তু বাঙ্গালি। এখন প্রশ্ন জাগতে পারে ধর্ম আগে না বাঙ্গালি আগে? আমি এই বিতর্কে যাবো না। অন্তত আমরা সবাই এটাতো মানবো আমরা বাঙ্গালি, এক সময় আমাদের বাবা, দাদা, আরো আগের, আরো আগের প্রজন্ম বাঙ্গালী ছিল। বছরের এইদিনে হাল খাতা হতো, দোকানি বকেয়া আদায় করতো, ক্রেতা নতুন জামা পরে দোকানে গিয়ে বকেয়া পরিশোধ করতো, দোকানী সবাইকে মিষ্টি খাওয়াতো। গ্রামে গ্রামে মেলা বসতো শত শত ছেলে মেয়ে, ছাত্র যবুক, বুড়ো সবাই বৈশাখী মেলায় যেতো। এখন যুগের সাথে কালের পরিবর্তনশীলতায় বৈশাখী মেলাও পরিবর্তন হয়েছে মাত্র। এটা বঙ্গের সংস্কৃতি, বাঙ্গালির শিকড়। একে অবহেলা কিংবা অন্যভাবে বিবেচনা করা ঠিক নয়। হয়ত এই বৈশাখ উদযাপন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনি যেভাবে চাইবেন সেভাবে হয়ত পালন হচ্ছে না, আমি যেভাবে চাইছি সেভাবে হয়ত পালন হবেনা। মানুষ মাত্র মতের ভিন্নতা থাকবে কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নাই, যদি আপনি এটুকু স্বীকার করেন পহেলা বৈশাখ বলতে বাঙ্গালির কিছু একটা ছিল। তাহলে আপনাকে পহেলা বৈশাখ মানতে হবে, এখানে আসতেই হবে। বরং এখানে এসেই আপনার চিন্তাগত ভিন্নতার পরিবর্তনের চেষ্টা করতে পারেন। কিন্তু দুরে থেকে এর বিরুদ্ধাচরণ করে এটিকে থামাতেও পারবেন না, ঠেকাতেও পারবেননা। বরং এর ভক্ত সমর্থক দিন দিন বেড়েই চলছে, যা চলা উচিৎ।



আমাদের বুঝতে হবে পহেলা বৈশাখের সাথে ধর্মের মানে কোন ধর্মের সাথেই বিরোধ নাই। যেমনিভাবে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের বিরোধ নাই। আমাদেরকে এসব বিবেচনা করেই চলতে হবে, এগুতে হবে। এই বিষয়গুলো গভীরভাবে ভাবনায় না আনায় বরং এই অতি মূল্যবান ইস্যুগুলো নিয়ে দেশের একটি গোষ্ঠী চেতনার ব্যবসা করছে এবং জাতীয়তাবাদীদের আঘাত করছে এই ইস্যুগুলোকে পুজি করেই। যেমন ধরুন যেহেতু শহিদ জিয়া একজন খাটি মুক্তিযোদ্ধা, আর তারই জম্ম দেওয়া দল মুক্তিযুদ্ধের সুবিধাভোগী হতে পারবে না, এটা কেমন করে হয়?

বাংলাদেশের মৌলিক দুটো ইতিহাস যদি আপনি খোঁজেন, যা আজকের নতুন প্রজম্ম খুজছে এবং আসক্ত হয়ে পড়েছে তা হলো এক. মুক্তিযুদ্ধ, দুই. বাঙ্গালির লোক সংস্কৃতি, আবাহমান কালের বাঙ্গালির ঐতিহ্যগত সংস্কৃতি পহেলা বৈশাখ। এই দুটো অতি গুরুত্বপূর্ন বিষয়কে আপনি আমি এড়িয়ে চলার কারণেই এদেশের অপগোষ্ঠীটি মহা মূল্যবান এই বিষয়গুলোকে হাতিয়ার বা অস্ত্র হিসাবে ব্যবহার করে যাচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে, জাতীয়তাবাদীদের বিরুদ্ধে। এই হাতিয়ার তাদেরকে একতরফাভাবে ব্যবহার করতে দেওয়া কোনভাবেই ঠিক হবেনা। এই হাতিয়ার ধরে ফেলতে হবে, অধিকার নিয়েই এই হাতিয়ারে ভাগ বসাতে হবে। এর থেকে দুরে থাকা মানে বিশাল এলাকা, বিশাল ইস্যু ও বিশাল অনাগত প্রজম্মের পর প্রজম্ম প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। তা কেন হবে। মুক্তিযুদ্ধ এদেশের সবার, তেমনি নববর্ষ বা পহেলা বৈশাখও দেশের সবার। তাই এর ভাগিদারী কেন শুধু তারা একাই হবে বা নিবে? আমরা নয় কেন? তাই আসুন সবাই মিলে এখন থেকে এমন করেই ভাবি এবং এই চিন্তার বাস্তবায়ন করি।

মন্ত্রী ওবায়দুল কাদেরকে বলছি


.

মন্ত্রী ওবায়েদুল কাদের, আপনাকে বলছি, আপনি ও আমি একসাথে অনেকদিন কারাগারে একই কক্ষে ছিলাম।

যে তারেক এ দেশের নন্দিত নেতা, যার বাবা ছিলেন খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ও রাষ্ট্রনায়ক। অন্যদিকে যার মা একাধিকবার এ দেশের সফল প্রধানমন্ত্রী ছিলেন। যার জন্য এ দেশের লক্ষ-কোটি ছাত্র-যুবক জীবন দিতেও এক মিনিট চিন্তা করবে না। সেই তারেক রহমানকে আপনি চ্যালেঞ্জ দিয়ে আজ বলেছেন, "সাহস থাকলে দেশে আসুন"। তারেক রহমানকে 'কাপুরুষ'ও বলেছেন। আপনার মত একজন সুপুরুষ নেতার মুখে এমন কথা যায় না। আমি জানতাম, আপনি একজন পরিপক্ক্ব ও মাঠ থেকে উঠে আসা নেতা। কিন্তু আপনি একি বললেন?

আপনি কারাগার থেকে বের হয়ে বলেছিলেন, "এটি কারাগার নয়, পাঠশালা। আর এখান থেকে অনেক শিক্ষা নিয়ে বের হয়েছি"। তাহলে আপনি কোন পাঠশালার শিক্ষা তারেক রহমানের উপর ছাড়লেন?

আপনি ভুলে গেছেন, পুলিশ দিয়ে, অন্যায়ভাবে আরোপিত আইন দিয়ে দেশে আসতে দিচ্ছেন না আপনারা তারেক রহমানকে। আপনারা হাতে বন্দুক উঁচিয়ে রেখেছেন, আর তাঁকে বলছেন খালি হাতে আসতে এবং তাঁর জন্য দীর্ঘমেয়াদে কারাগার খোলা রেখে। আপনার অবৈধ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সরকারের সকল অপশক্তি তাঁর বিরুদ্ধে ব্যবহার করে, তাঁকে বলছেন, "সাহস থাকলে দেশে আসতে"? হ্যাঁ, তিনি আসবেন। এ দেশের কোটি কোটি মানুষের ভালবাসার অহিংস অস্ত্র নিয়েই আসবেন। যে অস্ত্রের মোকাবেলা করার কোন প্রকার অস্ত্রবলই এখন আর নাই আপনাদের। আপনি সুপুরুষ হয়ে থাকলে ঠেকান, আমরা আংগুল চুষবো।

আর কেউ না জানুক, আপনি তো জানেন, যেই জরুরি অবৈধ সরকার আপনাকে গায়ে হাত দিয়ে নির্যাতন করেছিল, আপনার গলার চেইন ছিড়ে আপনাকে টর্চার করেছিল এবং অবশেষে যারা আপনাদেরকে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান নিয়েছিল, সেই আপনাদেরই পূর্বসূরী অবৈধ ১/১১'র জরুরী সরকারকে দিয়ে আপনার নেত্রী যে তারেক রহমানকে মারাত্বকভাবে আহত করিয়ে শর্ত দিয়ে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠিয়েছেন, যে তারেক দেশে আসবে - এটি চিন্তা করতেই আপনার নেত্রী দিশেহারা হয়ে যায়, সেই তারেক রহমানকে আপনি কী করে চ্যালেঞ্জ দিলেন? আমার ভাবতে অবাক লাগে!

আমি জানি, আপনি ফেসবুকে আছেন এবং আমার ফ্রেন্ডলিষ্টেও আছেন। তাই আমি আপনাকে ফেসবুকেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা খালি হাতে, সরকারি ক্ষমতা ও গুলি-গ্রেফতার মাত্র ৭ দিনের জন্য বিরত রেখে আসুন, এ দেশে তো নয়ই, লন্ডনস্থ গলিতেও আপনাদের স্থান হবে না। টিকতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আপনাদের আওয়ামী লীগের ভোটারেরাও এখন আপনাদের বিরুদ্ধে লাঠি ধরবে। তারেক জিয়ার প্রয়োজন হবে না আপনাদের পতনের জন্য। অপেক্ষায় থাকুন, এমন বাকশালি হুংকার আর ৪/৫ মাসের বেশী দিতে পারবেন না। এ দেশের জনগণ তা অচিরেই বন্ধ করে দিবে। আপনাদের কথা-বার্তায় সে রকমই ইঙ্গিত পাচ্ছে দেশবাসী।

ভালো থাকিস সুকুমার...


.

সুকুমার বড়ুয়া আমার স্নেহভাজন একজন সংবাদকর্মী। তার ছোটবেলা থেকেই তাকে আমি জানি। ৯৩/৯৪ সালের দিকে কোনো একদিন আমার কাছে এসে সে বললো, ভাই, আমি সাংবাদিতা করে পার্বত্যবাসী ও তাদের সমস্যাগুলো জাতিকে জানাতে চাই। আপনি আমাকে যেকোন একটি পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিন। আমি তাকে দৈনিক দিনকালের জেলা প্রতিনিধির দায়িত্ব পাওয়ার ব্যবস্থা করলাম। দিন যাচ্ছে ছেলেটি অনেক ভাল লিখছে।

৯৬-৯৭ এর দিকে পাহাড়ে শান্তিচুক্তি বিরোধী কঠিন আন্দোলন চলছে আমাদের নেতৃত্বে। মিডিয়া বলতে তখন আন্দোলনকারীদের পক্ষে কিছুই নাই। একদিকে সরকার-বিরোধী আন্দোলন, তার উপর বহুল প্রচারিত পত্রিকাগুলো শান্তিচুক্তি তথা সরকারের পক্ষে। টিভি বলতে কিছুই নাই। নিউজ পাঠানো সে এক কঠিন কাজ। তখন নাই মোবাইল, নাই ইন্টারনেট, নাই ডিজিটাল টেলিফোন। একমাত্র এনালগ টেলিফোন, তাও আবার পুরো জেলা শহরে বেসরকারি মাত্র কয়েকটি টেলিফোন। সুকুমার প্রতিদিন আমার বাসায় এসে আমার 0371-849 নম্বর থেকে টেলিফোনে সংবাদ পাঠাতো, আর পত্রিকা অফিস তা টেলিফোনে শুনে শুনে লিখে নিত। তার নিউজ পড়ার হিড়িক পড়ে গেল। দিনকাল জেলা শহরে প্রচুর জনপ্রিয় হয়ে পড়লো। শান্তিচুক্তি বিরোধী আন্দোলনকারীদের নিউজ বলে কথা, অনেক হট। গ্রেফতার, হয়রানি, হামলা, নির্যাতন, হত্যা, দলে দলে আওয়ামী মন্ত্রী আসতো আর সেই মন্ত্রীদের ঝাড়ু প্রদর্শন বিক্ষোভ, পুলিশ-বিডিআরের নির্বিচারে গুলি করা, আন্দোলনকারীদের লাগাতার আন্দোলন, পরবর্তি কর্মসূচী ঘোষনা, ইত্যাদি জানার কৌতুহল নিয়ে পত্রিকার হকার দোকানে পত্রিকা সংগ্রহের জন্য পাঠকদের ভীড় জমে থাকতো। কারণ, পত্রিকার গাড়ি আসতে প্রায় দুপুর হয়ে যেতো, তাই পাঠকরা অগ্রিম সিরিয়াল দিত পত্রিকার দোকানে।

এরপর সুকুমার আগ্রহী হয়ে উঠলো জনপ্রিয় কোন পত্রিকায় লেখার জন্য। কিন্তু অন্য কোনো জনপ্রিয় পত্রিকা শান্তিচুক্তি বিরোধীদের নিউজ করে না। কিন্তু কি আর করা। তখনকার অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাবেই তাকে লেখার ব্যবস্থা করে দিলাম। ইনকিলাব তখন সারা দেশে এবং পার্বত্য অঞ্চলে অনেক জনপ্রিয় একটি গণমাধ্যম। যা পাহাড়ের মানুষ অনেক পড়তো। পত্রিকাটির পলিসিও ছিল শান্তিচুক্তি বিরোধী। তাই ব্যাটে-বলে মিলে যায় সুকুমারে জন্য। শুরু হয়ে যায় তার ইনকিলাবে লেখা। এভাবে নানা মিডিয়ায় কাজ করে আসছে আজ অবদি।

কোন এক সময় সুকুমার আমাকে বললো, ভাই আমি ছাত্রদল করতে চাই, আমাকে ছাত্রদলের কমিটিতে দায়িত্ব দিন। আমি বললাম, বড়ুয়ারা তো সাধারণত জাতীয়তাবাদী রাজনৈতিক দল করে না। তুমি করতে গেলে তোমার কি সামাজিক ভাবে কোন অসুবিধা হবে কি না? সে বললো, আমি সেই ট্রেডিশন ভাঙতে চাই এবং আমি প্রমান করবো, আমি প্রকৃত জাতীয়তাবাদী। সে থেকেই সুকুমার খাগড়াছড়ি জেলায় জাতীয়তাবাদের রাজনীতি করে গেল। সে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হল। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর জেলা বিএনপি'র সম্মেলন হল, কমিটি হচ্ছে। সুকুমারের আবদার তাকে যেন জেলা বিএনপি'র ১০১ নং সদস্য হিসাবে রাখি আমরা। কারণ তখন জেলা কমিটিগুলো ১০১ সদস্য বিশিষ্ট। আমরা রাখলামও তাকে সেই সর্বশেষ সদস্য হিসাবে। অবশ্য তার যোগ্যতা ও ত্যাগও ছিল। যেমন দল করার কারণে আওয়ামী সরকার তাকে জেলে নিয়েছে বারবার। ৯৬ এর সরকারের সময় আওয়ামী এক সন্ত্রাসী তাদের রিমান্ডকক্ষে তাকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে তার সারা শরীরে নির্যাতন চালায় নির্মমভাবে।

হুম। তবে কয়েক বছর যাবত সে মানসিক যন্ত্রনা ও কষ্টের মাঝে দিনাতিপাত করেছে। হয়তো অজানা তার ব্যক্তিগত কোনো কারনে। তাই নিজেকে সে ভাসিয়ে দিয়েছিল কষ্ট লড়াইয়ের মাঝে। নিজেকে অবহেলা করেছে, আঘাত করেছে। সৃষ্টি করেছে কঠিন শারিরীক রোগ। চিকিৎসা করেনি, মনে হয় ইচ্ছা করেই। কারন সে থাকতে চায়নি আমাদের মাঝে, অভিমান করেছে বোধ হয়।


তাই সেই সুকুমার চলে গেল না ফেরার দেশে। আমরা আর তাকে কোনোদিন পাবো না। সে আজ সকালে মারা গেছে। রেখে গেছে তার দুটি নাবালক সন্তান, দারিদ্রতা এবং কিছু স্মৃতি। অবশ্য আমরা সরকারে থাকতে তার বউ ও আত্মীয়দের সরকারি চাকুরি দিয়েছিলাম। হয়তো এই চাকুরি দিয়েই দারিদ্রতার সাথে যুদ্ধ চালিয়ে যাবে তার সন্তান ও স্ত্রী। হ্যাঁ, সুকুমার তুমি ভেবো না। আমরা তোমার সন্তানদের পাশে থাকবো চিরকাল আমাদের সাধ্যমত। কারণ, সুকুমার তোকে আমিও অনেক স্নেহ করতাম রে। তোর চলে যাওয়ার পর তা বেশী করে বুঝতে পারছি। তোকে অনেক ভালবাসতাম রে। মাঝে গত কয়েক বছর তোর অভিমানি পাগলামিগুলোকে আদর করতাম বোধহয়।

রবিন হত্যাকাণ্ড ও ঈদের সেমাই-চিনি, গরু!


.

খবরে দেখলাম গত ২৭ জুলাই ১৪, রবিবার - রবিন নামে একজন তরতাজা যুবক ঢাকার টিপু সুলতান রোডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে মারা গেছে। পুলিশও তাই বলছে। অবশ্য রবিনের ডেকোরেশন ব্যবসায়ী বাবা সহ আত্মীয়-স্বজন আত্মবিলাপ করছে আর রবিনকে পুলিশ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জোরালো অভিযোগ তুলেছে। কারণ হিসাবে বলছে, রবিনের ডেকোরেশন ব্যবসায় পুলিশ ঈদ উপলক্ষে চাঁদা দাবি করলে, রবিনরা দাবি অনুযায়ী পুলিশের প্রত্যাশিত টাকা দিতে পারেনি। তাই পুলিশ ক্ষোভ ও অভিমানে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে নিজ দোকানের পাশে অবস্থানরত রবিনকে ছিনতাইয়ের নায়ক বানিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়ে হত্যাকর্মটি সমাপ্ত করেছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে ঘটনাটি এনজয় করেছে! যদিও এবারের ঈদে ঢাকার প্রায় প্রতিটি অভিজাত এলাকার থানাগুলোকে ডেকোরেশনের দোকান থেকে 'উপহার' হিসাবে প্রাপ্ত সাজসজ্জা এনে অভিজাতভাবেই একেবারে ভারতীয় সিরিয়াল নাটকের বিয়ে বাড়ির মতোই সাজানো হয়েছে। যা ঢাকার জনগন দেখে খুবই আনন্দ সহকারে উপভোগ করেছে!


অন্যদিকে গত এক মাসে মিডিয়ায় দেখলাম, প্রায় ৫/৬ জন মানুষকে ঢাকার বিভিন্ন থানায় পুলিশ কতৃক বিভিন্ন কারনে হত্যার অভিযোগ এনেছে নিহতদের স্বজনরা। যদিও পুলিশ এ সকল ঘটনার দায় বাতিল করে দিয়েছে। এবং এ সকল নিহতদেরকে দাগি আসামী হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য এ সকল হত্যাকাণ্ডের একটির দায়ে এস.আই জাহিদ বর্তমানে কারাগারে আছে, তাকে মাননীয় আদালত রিমান্ডেও দিয়েছেন।

এখানে প্রশ্ন হলো, দাগি আসামী হলেই কি মেরে ফেলতে হবে? আর রবিনের ঘটনাস্থলেই বা পুলিশ কাকতালীয়ভাবে কী করে উপস্থিত ছিল? পুলিশ কি আগে থেকেই জানতো ওই দিন, ওই সময়ে, ওখানেই ছিনতাই হবে? তা না হলে সেদিন টিপু সুলতান রোডের ঘটনাস্থলে পুলিশ কী করে উপস্থিত থাকে? আমাদের দেশের পুলিশের সংখ্যা এমন স্তরে নাই যে প্রায় সকল এলাকা বা সব ঘটনাস্থলেই পুলিশের উপস্থিত থাকা সম্ভব! তাছাড়া একেবারে রবিনের দোকানের সামনেই বা কি করে ঘটনাটি ঘটলো, আর পুলিশওবা সেখানে কেনইবা ওই সময়েই দন্ডায়মান? বিষয়টি একেবারেই কাকতালীয় নাকি আমাদের ভাগ্যরেখা পরিবর্তন হয়ে গেল? নাকি দেশে বর্তমানে পাব্লিকের মাথাপিছু পুলিশ বেড়ে গেল?

রবিনের বাবার অভিযোগের পেছনে দেশব্যাপী আদিকাল থেকেই কিছু সত্যতার মিল খুজে পাওয়া যায়। যেমন, দেখা গেছে অতীত থেকেই প্রত্যেক ঈদে ও পুলিশ সপ্তাহ সহ পুলিশের নানা অনুষ্ঠানে থানা-পুলিশ এলাকার প্রায় সকল ব্যবসায়ীমহল, ব্যবসাকেন্দ্র, বৈধ-অবৈধ ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি চাকুরিজীবি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দল থেকে চাঁদা নিয়ে থাকে। অবশ্য ঈদে পুলিশ ভাইয়েরা খুব মার্জিতভাবেই এ সকল ব্যক্তিকে বলেন, “দেখেন ঈদ আসছে। আপনারা তো বৌ-বাচ্চা নিয়ে ঈদ করবেন, কিন্তু আমাদের থানা ও পুলিশ লাইনের ভাইদের ঈদের কথা কি একটু চিন্তা করবেন না?”। রমজানে বলেন, “থানার সবাই মিলে একটু সেমাই চিনি খাবো”। আর কোরবানে বলেন, “একটু গরুর মাংস খাবো, সেজন্য কিছু টাকা দিয়ে সহায়তা করুণ”। অবশ্য দুর্বলতা আছে এমন ব্যক্তিভেদে কোথাও কোথাও সরাসরি টাকার অংকটা দাবি করে বসেন। কেউ যদি অপারগতা প্রকাশ করে, তখন পুলিশ ভাইয়েরা একটু বাঁকা করেই বলেন, “দেখেন আমাদেরকে কি আপনাদের কোন বিপদে লাগবে না?” ছোটখাট মানুষদের অবশ্য বলেন, “তুই কেমন করে কাজ/চলাফেরা করিস আমরা দেখে নেবো।” আর অবৈধ ব্যবসায়ীদের কিছু বলতেও হয় না, কী করতে হবে তা তারা বুঝে নেয়। বা পুলিশ ভাইদের বলেই দেয়, “ভাই আপনারা কি আমাদের কাছে চাইতে হবে? আমরাতো আছিই আপনাদের জন্য।” রাজনৈতিক নেতারা ভাবেন, পুলিশের হামলা-মামলার ব্যপার-স্যাপার আছে। নেতা-কর্মীদের বিপদে-আপদে এই ভাইদের লাগে। ইত্যাদি বিবেচনা করে একেবারে মিটিং করেই সিদ্ধান্ত নেয় পুলিশ ভাইদের উৎসবে কীভাবে টাকা দিয়ে সাহায্য করা যায়। এবং দরকার হলে পার্টির সবাই মিলেমিশে নিজেরা ভাগযোগ করেই পুলিশ ভাইদের চাঁদা দিয়ে ধন্য হন।

কী আর করা? পুলিশকে তো সবারই লাগে! যদি রাগ করে, তাহলে তো বিপদের আশংকা থেকে যায়। ইত্যাদি উপায়ে ঈদে পুলিশ টাকা উঠায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এক থানায় কত পুলিশ থাকে এবং কত টন সেমাই চিনির প্রয়োজন হয়? দেখা যায় যা সেমাই চিনি লাগে তার হাজারগুন সেমাই চিনির টাকা উঠে যায়। কোরবানে এক থানায় বড়োজোর একটি গরু লাগে কিন্তু উল্লেখিত উপায়ে থানা এলাকার আর্থিক গুরুত্ব ভেদে অন্তত ৫০/১০০/১০০০ টি গরুর টাকা উঠে যায় এই মহতী উদ্যোগের মাধ্যমে! তাহলে পুলিশ ভাইয়েরা এই অতিরিক্ত টাকাগুলো দিয়ে কী করেন? এটা আম-আদমি জানতে চায়।

আমার উক্ত বর্ণনা যদি আংশিকভাবেও সঠিক হয়ে থাকে, তাহলে রবিনের বাবার অভিযোগের সত্যতা আমরা বুঝে নিতে পারি কিনা? অসুবিধা হওয়ার কথা নয়।

গতকাল গাজী টিভিতে দেখলাম পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজির সাহেব জোর গলায় তার বক্তৃতায় বললেন, “আমরা দেশে রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না এবং আমরা তা নিকট-অতীতে সময়ে কঠিন হস্তে দমন করে সরকারকে নিরাপদে কাজ করতে সাহায্য করে আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামীতেও সফল হব”। কথা কিন্তু ভালই বলেছেন কমিশনার সাহেব। আমরা এখন তার কাছে আশা করছি, তিনি যেন অতিদ্রুত আইজিপি হয়ে সারা দেশে ঈদের নামে থানায় থানায় সেমাই-চিনি ও গরু খাওয়ার পুলিশি চাঁদাবাজিটি বন্ধ করে অন্তত একটা ক্ষেত্রে হলেও সরকারের পাশাপাশি জনগনকেও একটু নিরাপদ করবেন।

ওবামা ও জাকারবার্গ মুখোমুখি


.

ফেসবুকে মার্কিন গোয়েন্দাদের নজরদারি নিয়ে হতাশ জাকারবার্গ। এই হতাশার কথা জানাতে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করেন। গত বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া তাঁর পোস্টে এ কথা লিখেছেন জাকারবার্গ।
সম্প্রতি বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাগিরি নিয়ে নিজের হতাশা প্রকাশ করতে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করেছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
 


ফেসবুকে এক ব্লগ পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘আমি হতাশ ও বিভ্রান্ত।’ যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরি সম্পর্কে জাকারবার্গ লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ইন্টারনেটে চ্যাম্পিয়ন হতে হবে, হুমকি নয়।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে গোপনে ইন্টারনেটে ম্যালওয়্যার ছড়ানো ও চরবৃত্তির অভিযোগ উঠেছে। ফেসবুক সার্ভারের ছদ্মবেশে সাধারণ ব্যবহারকারীদের পিসিতে ম্যালওয়্যার সংক্রমণ ঘটানোর এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে এনএসএ।

তবে বিবিসি এক খবরে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী স্নোডেন ফেসবুকের ছদ্মবেশে গোয়েন্দাগিরির বিষয়টি ফাঁস করেছেন। গোয়েন্দারা ‘টারবাইন’ নামে একটি গোপন কর্মসূচির আওতায় ওই ম্যালওয়্যার সংক্রমণের ঘটনা ঘটায় এনএসএ। এ তথ্য প্রকাশ হওয়ার পর জাকারবার্গ ওবামাকে ফোন করেন। অবশ্য এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইন্টারনেটে গোয়েন্দাগিরিতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মার্ক জাকারবার্গ।

গতকাল লেখা ব্লগে জাকারবার্গ লেখেন, ‘বিশ্ব যখন অধিক জটিল হচ্ছে এবং বিভিন্ন দেশের সরকারকে টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে, তখন ইন্টারনেটে বিশ্বাস রাখার গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে।’

জাকারবার্গ লিখেছেন, ‘ইন্টারনেট আমাদের সবার সম্মিলিত স্থান। আমরা এখানে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারি। এটা আমাদের সুযোগ বাড়ায়। শেখার সক্ষমতা বাড়ায়। আমাদের কথা বলার সুযোগ করে দেয়। আমাদের শক্তিশালী করে তোলে এবং একত্র করে নিরাপদ রাখে।’

ইন্টারনেটকে আরও শক্তিশালী করতে এটি নিরাপদ করে তুলতে হবে বলেও মত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও জাকারবার্গ ও ওবামার কথোপকথনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দাদের ইন্টারনেটে গোপন নজরদারি ঠেকাতে গুগল, অ্যাপল, মাইক্রোসফট, টুইটার, এওএল, লিংকডইন ও ইয়াহু মিলে ‘রিফর্ম গভর্নমেন্ট সার্ভিলেন্স’ নামে একটি জোট গঠন করেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে বারাক ওবামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। মার্কিন প্রশাসনকে গোয়েন্দা নজরদারির বিষয়টি স্বচ্ছ ও পুনর্গঠন করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এর আগে বারাক ওবামাকে একটি খোলা চিঠি লিখেছিল বিশ্বের আটটি প্রযুক্তি-প্রতিষ্ঠান। গোপনে নজরদারির বিষয়টি পুনর্গঠন করার জন্য লেখা এই খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও প্রেসিডেন্টকে আহ্বান জানানো হয়েছিল। ওবামাকে লেখা সেই খোলা চিঠিতে ইন্টারনেটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার কথা বলা হয়। মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর বিষয়টি সবার নজরে আসে। স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সার্ভার কেবল হ্যাকড থেকে শুরু করে ফোন রেকর্ড, নেটওয়ার্ক হ্যাকিংসহ নানা পদ্ধতিতে গোপন নজরদারি করে মার্কিন গোয়েন্দারা।

জাকারবার্গের লেখা পোস্টের লিংক https://www.facebook.com/zuck/posts/10101301165605491

আন্ত:জালে কুড়িয়ে

আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মত


.

মনে রাখবেন অন্ধকারের বুক চিরে আলো আসে। আলো এবং অন্ধকার কোনটাই স্থায়ীরুপ নয়। আমি কিন্তু আলোর রেখা দেখতে পাচ্ছি।

আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মত, একবার উঠে একবার নামে। ঢেউ যখন নামে বুঝে নিবেন ঢেউ নতুন রুপে উঠার শক্তি সঞ্চয় করছে। ভাববেন না ঢেউ চলে গেছে। কুলে যে ঢেউটা আঘাত হানবে ওটা কিন্তু চুড়ান্ত ঢেউ, ওটাকে কেউ বুঝতে পারে না। চিনে নেয় প্রলয় সাঙ্গ হওয়ার পর।

আন্দোলনের অনেক কিছু আগে প্রকাশ করা যায় না। মনে রাখবেন দেওয়ালেরও কান আছে, ওই দেয়াল আমাদেরকে অনেক শক্তিহীন করেছে!!! মনোবল রাখুন, আগামী খুব সুন্দর।