Showing posts with label বিশ্লেষণ. Show all posts

পাহাড়ে অপহরণ ও মুক্তিপণ


.

অবশেষে গতকাল ১৭ জুলাই ২০১৪ খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অপহৃত চার শ্রমিক উদ্ধার। অপহরণের ১১ দিন পরে অপহরণকারীদের থেকে জেলার ব্যাঙমারা এলাকায় সেতু উন্নয়ন প্রকল্পের অপহৃত চার বাঙ্গালী শ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী। সিন্ধুকছড়ি জোনের আওতাধীন কংসীমুড়া প্রাক্তন সেনা ক্যাম্প এলাকা থেকে বৃহস্পতিবার রাত পৌন ৯টার দিকে তাদেরকে উদ্ধার করা হয় বলে সূত্র নিশ্চিত করেছে। উদ্ধারকৃতরা হলেন- বুলডোজার চালক রাজু মিয়া, বুলডোজারের হেলপার হাসান মিয়া, মো. ফারুক মিয়া ও লিয়াকত আলী।

এখানে পার্বত্য অঞ্চলের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সংশ্লিষ্ট ও দায়িত্বযুক্ত মহলের কাছে আমার বিনীত প্রশ্ন:

১. পাহাড়ের এই গরিব মানুষগুলো অপহরন করলো কারা, করে আসছে কারা? তাদের সাংগঠনিক বা সামাজিক পরিচয় কি বের করা হয়েছে? সরকার/প্রশাসন তা প্রকাশ করেছে? তাদের নামে কি কোন মামলা নেয়া হয়েছে? যদি এসব না করা হয়ে থাকে, তাহলে কেন করা হয়নি? ভাসুরপোর নাম নিতে বাধা কোথায়? নাকি ভাসুরপো'কে মাঝে মাঝে নিজের পো মনে হয়? নাকি নিজের পো'র মত করে লালন পালন করা হয়? আজ সময় এসেছে পার্বত্যবাসী তা জানতে চায় এবং পার্বত্যবাসী তা সন্দেহের দৃষ্টিপথে ভাবছে! যা বিগত ৪০ বছরও ভাবার বা অনুভবযোগ্য মনে করেনি! কিন্তু আজ কেন করবে তাও দায়িত্ববানদের বিবেচনায় নেয়া দরকার। কারন সংবাদে বলা হয়েছে অপহৃতদের উদ্ধার করা হয়েছে ঘেরাও দিয়ে, আবার কেউ কেউ বলছে এদের উদ্ধারের পেছনে স্থানীয় সরকার দলের লালিত এক মেয়রের মাধ্যমে অপহৃতদের প্রকল্প কোম্পানি থেকে মোটা অংকের টাকার বিনিময়ে অপহৃতদের মুক্তি দিয়েছে অপহরণকারীরা। এখন প্রশ্ন হলো কোনটি সত্য?

অন্যদিকে কেউ বলছে অপহরণকারীরা UPDF, আবার কেউ বলছে JSS. আমি জানতে পেরেছি অপহরণকারীরা ছিল "জেএসএস সংস্কার"। পাহাড়ে আগে অপহরণ, মুক্তিপন আদায়, চাঁদা আদায়, হত্যাকারী ছিল শুধুমাত্র একটি আঞ্চলিক দল। আর এখন তা দাঁড়িয়েছে তিনগ্রুপে। এখন তিনগ্রুপই অপহরন, চাঁদা আদায় ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসের শিকার পাহাড়ের নিরীহ, নিরস্ত্র পাহাড়ি - বাংগালি সবাই।

JSS এর এক সময়ের ছাত্র সংগঠন বর্তমানে UPDF নামে শক্ত অবস্থান নিয়েছে, JSS এর শীর্ষ নেতাদের একসময়কার সহকর্মীরা ওয়ান ইলেভেনে জাতীয় রাজনৈতিকদল গুলোর সংস্কারপন্থি গ্রুপের অনুকরনে এবং পার্বত্য অঞ্চলের ওই সময়কালের ক্ষমতাসীনদের অনুগ্রহবর্ষণে বা নির্দেশানায় JSS সংস্কার নামে পাহাড়ে তৃতীয় আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে।

বর্তমানে এই তিনটি আঞ্চলিক অস্ত্রধারী দল পাহাড়ে, আবার দেশের বাহিরে নিজেদেরকে গ্রুপভিত্তিক রাজনৈতিকদল হিসাবেও পরিচয় দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে দীর্ঘ মেয়াদে। এই তিনগ্রুপের নির্যাতনের টার্গেটই হল নিরস্ত্র বাংগালি -পাহাড়ির বিশাল জনগোষ্ঠী। মনে হয় যেন রাষ্ট্র এই জনগোষ্ঠীর সাথে নাই, বরং অনেকটা সহানুভূতিশীল অস্ত্রধারী ক্ষুদ্র গ্রুপগুলোর পক্ষে।

২. অপহৃত চারজনকে উদ্ধার করা হল, খুবই খুশির খবর কিন্তু অপহরণকারীদের মধ্যে থেকে একজনও ধরা পড়লো না, অতীতে কি উল্লেখযোগ্য কোন অপহরকারী আটক হয়েছিল? হয়ে থাকলে তাদেরকে কি বিচারের আওতাভুক্ত রাখা হয়েছে? আমার জানামতে তেমন উল্লেখযোগ্য কেউ নেই। তাহলে কি কারনে অপরাধীদেরকে তাদের অপকর্ম সহজতর করে দেয়া হচ্ছে? এতে কি এই অপহরণ, গুম, হত্যা ইত্যাদি দীর্ঘপথে নিয়ে যেতে রাষ্ট্র সহায়ক ভূমিকা রাখছে না? কেউ কেউ মনে করে, রাখছে। যা নিকট আগামিতে রাষ্ট্রকেই এ আঘাতজনিত ব্যথাহত হতে হবে। এটা আমাদের সবাইকে ভেবে দেখা জরুরি।

অপহৃত শিশু শহিদুল

৩. আমাদের জানতে ইচ্ছে করে প্রায় ৫/৬ মাস আগে খাগড়াছড়ি সদর ভূয়াছড়ি থেকে অপহৃত শিশু শহিদুল কে কেন আজো উদ্ধার করা হলো না? বা উদ্ধারকাজ চলছে কিনা? ওই শিশু অপহরণের পর মহালছড়ি-রাংগামাটি সড়কে অপহৃত রাংগামাটির বিশিষ্ট শিল্পী ও দেশের বড় আমলার মেয়ের পাহাড়ি জামাই হওয়াতে তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হল। কিন্তু বাংগালি শিশুটি কি গরিব ঘরের সন্তান বা সরকার দলের কোন মদদপুষ্ট মেয়রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময় করতে পারেনি বলে শিশুটির ভাগ্যে কি ঘটেছে আজো তার মা বাবা ও পার্বত্যবাসী জানতে পারছে না? তাহলে এখানে দায়িত্বশীলদের ভূমিকা কই? তাহলে কি শুধু অর্থ ও মুক্তিপনের বিনিময়েই আমাদের মুক্তি হবে,বছরের পর বছর?

৪. আজ পাহাড়ের সাধারণ নাগরিক তথা নিরস্ত্র পাহাড়ি -বাংগালীরা জানতে চায় কবে আর কতকাল পরে পাহাড়ে শান্তি স্থাপন হবে। হবে নাগরিকদের বসবাসযোগ্য একটু স্বাধীন ভূমি?

আমি দীর্ঘদিন পাহাড়ে কাজ করে একটা বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে না, পাহাড়ের সাধারন নাগরিকরা সত্যিই শান্তিতে বসবাস করতে চায়, সমঝোতা ও সহাবস্থান চায়। চায় শান্তি ও উন্নয়ন এবং এই অস্ত্রহীন পাহাড়ি - বাংগালিরা সত্যিকারভাবেই এই সন্ত্রাসী অস্ত্রধারী চাঁদাবাজদের পতন চায়। এখন দরকার সকল মহলের আন্তরিক ইচ্ছা যা কিনা সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, যা হলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী গ্রুপগুলোকে রুখে দেয়া খুব কঠিন নয়। এ অবস্থায় পাহাড়বাসীর পক্ষে এ বিষয়ে আমি সকলের শুভ ইচ্ছাময় ভূমিকা কামনা করছি।

৫ তারিখের কৌতুককের ভোট ও ভোটারদের কথা


.

দেখা যাচ্ছে, গতকালকের ৫ জানুয়ারি, ২০১৪ সালের প্রহসনের নির্বাচনকে ঘিরে ‘সুশীল’ নেতৃবৃন্দের মধ্যেই মতনৈক্য তৈরী হয়ে গেল! একদল গণতন্ত্রের পক্ষে, আরেকদল তথাকথিত চেতনার পক্ষে। চেতনাধারীরা আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তির মত ব্যাবহার করছে, যেন এটির মালিক আর কেউ হতে পারে না! তারা ভুলে গেছে এই সম্পদ বাংলাদেশের সকলের সম্পদ! মুক্তিযুদ্ধের চেতনা কি গণতন্ত্র নয়? মুক্তিযুদ্ধের চেতনার সাথে কি গণতন্ত্রের বিরোধ ছিল? গনতন্ত্রের প্রাপ্তির আশায়ই তো আমরা পাক স্বৈরতন্ত্র থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্ত হয়েছি। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক! মুক্তিযুদ্ধের চেতনা মানে কি আওয়ামী লীগ যা করে, তাকেই সঠিক বলে ধরে নেওয়া? মুক্তিযুদ্ধের চেতনা কি এই নির্লজ্জ প্রহসনের ভোট? এমনকি আজকে তোফায়েল আহমেদ মন্তব্য করলো, ‘ভোটের মাধ্যমে আজ মুক্তিযুদ্ধের চেতনার জয় হয়েছে!’ অন্য সময় হলে বলতেন, ‘গণতন্ত্রের জয় হয়েছে’!

এই তোফায়েল আহমেদের কর্মকান্ডও প্রশ্নবিদ্ধ! তিনি গত নির্বাচিত সরকারের মন্ত্রীসভায় থাকতে রাজী হননি, কিন্তু এই অবৈধ, বিতর্কিত অনির্বাচিত সরকারের মন্ত্রী হয়েছেন কেন তা বুঝে উঠা মুশকিল! একই সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা প্রমাণিত হয়েছে! প্রিয় পাঠক, আপনারাই বলুন এটা কোন মাত্রার কৌতুক?! এককথায় তারাও পরোক্ষভাবে স্বীকার করে নিলো, গণতন্ত্রের কথা উচ্চারণ করতেও তাদের লজ্জা হচ্ছে। একইসাথে তারা গণতন্ত্র অস্বীকার করে, মেনে নিল তারা স্বৈরতন্ত্রের অনুসারী। গণতন্ত্র থেকে বহু ক্রোশ সরে গিয়ে তারা সেই স্বৈরতান্ত্রিক বাকশালের দিকে আবার ঝুঁকছে। তাদের এই পদস্খলন সেই ১৯৭৩ এই হয়েছে! তখনও আজকের মত নগ্ন ভোটের মাধ্যমে নির্বাচন করে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। যেসব সুশীল আংশিক হলেও গণতন্ত্র রক্ষার পক্ষে কথা বলছে, বোধোদয় ঘটেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আসুন দেখে আসি কালকের ৫ জানুয়ারির নির্বাচনে সাংবাদিকদের সাথে লাইনে উপস্থিত ভোটারদের কথোপকথনের কিছু খন্ডচিত্রঃ


১) সাংবাদিকঃ "আন্টি, আপনি তো একবার ভোট দিয়েছেন আজকেই, আবার কেন লাইনে দাঁড়িয়ে আছেন?"

প্রথম ভদ্রমহিলাঃ "দাঁড়ায়ে আছি ... উমম ... খুব সুন্দর ... আমাদের ডিউটি দিছে ... হেহেহে !!"

সাংবাদিকঃ "কে ডিউটি দিয়েছে?"

প্রথম ভদ্রমহিলাঃ "দিয়েছেএএএএ... হি হি হি হি হিহ!!"

এইবার আরেকজন মহিলা ... তার আঙ্গুলে ভোট দেয়ার চিহ্ন ক্যামেরায় দেখানো হইল !

সাংবাদিকঃ "আচ্ছা, আপনি তো ভোট দিয়ে ফেলেছেন ... এই যে আপনার হাতে ভোট দেয়ার চিহ্ন ... তবুও কেন আবার ভোট দেয়ার লাইনে দাড়িয়েছেন ??"

দ্বিতীয় ভদ্রমহিলাঃ "আমার এই জায়গায় থাকতে খুব ভাল লাগতেছে!!"

এইবার তিন নাম্বার ভদ্রমহিলা!!

সাংবাদিকঃ "আপনি তো ভোট দিয়েছে ... তারপরও কেন লাইনে?"

তৃতীয় ভদ্রমহিলাঃ "এই থাকতেছি ... মনে করেন ... খুশির ঠ্যালায়!!

২) সাংবাদিক লাইনে দাঁড়ানো একজন আনসারকে প্রশ্ন করেন,

-আপনি ভোট দিতে এসেছেন?
-জি আমি আনছার।
-আনছার, তো লাইনে কেন?
-দাঁড়াতে কইছে।


৩) লাইনে দাঁড়ানো আরেকজনকে সাংবাদিক প্রশ্ন করেন,

-আপনি ভোট দিতে এসেছেন?
-জি আমি ভোট দিয়ে এসেছি
-ভোট দিয়েছেন তো লাইনে কেন?।
-থাকতে বলেছে।

৪) সাংবাদিক ভেতরে ঢুকে পোলিং অফিসারকে প্রশ্ন,
-সকাল থেকে কয়টা ভোট পড়েছে?
-জি একটা
-তিন ঘন্টায় একটা? আপনি কি সত্যি কথা বলছেন?
-ব্যালট বাক্স দেখেন।

৫) কিছু লোক লাইনে দাঁড়িয়েছে, সাংবাদিক কথা বলছে তাদের একজনের সাথে,

-আপনি ভোটার?
-না
-তো লাইনে দাঁড়িয়েছেন কেন?
-দেখতে এসেছি।
-তো লাইনে দাঁড়িয়ে কেন?
-এটা লাইন? ও , ঠিক আছে সরে যাচ্ছি...

৬) সাহারা খাতুনের নির্বাচনী এলাকার একটি ভোটকেন্দ্রে সাংবাদিক ঢুকেই একজনকে জিজ্ঞেস করলেন,

-কি ব্যাপার আপনি ভোট না দিয়ে চলে যাচ্ছেন কেন?
-না...আমি ভোট দিতে আসছিলাম...
-ও...আপনার ভোটার আইডি কার্ড কই?
-আইডি কার্ড?
-হ্যাঁ?
-আইডি কার্ড তো ছিল...হারায়ে গেছে!

৭) ভোটার নয় এমন কিছু লোক বুথের ভেতর থাকা নিয়ে সাংবাদিক পুলিশকে জিজ্ঞেস করেছিল, ‘ঐ লোকগুলো কেন ওখানে ছিল’?
পুলিশ অফিসারঃ আসলে পরিস্থিতি আমাকে জানতে হবে...না জেনে আমি কথা বলতে পারব না...
সাংবাদিকঃ পরিস্থিতি না জেনে আপনি চলে যাচ্ছেন কেন? আপনি দেখেন তাহলে? আপনাকে তো সে দায়িত্বই দিয়েছে সরকার।
পুলিশ অফিসারঃ ব্লা...ব্লা...ব্লা... (আমতা আমতা করে)

৮) একাত্তর টিভির লাইভ রিপোর্টে একজন রিপোর্টার বলছিলেন,

’আমি আপনাদের দেখাতে চাই দল বেঁধে নারী ভোটার ভোট দিতে যাচ্ছেন। আমার সামনে দিয়ে একদল নারী ভোটার যাচ্ছেন। আমি এখন তাদের সাথে কথা বলবো।
-আপনারা কি ভোট দিতে যাচ্ছেন?
-না, আমরা কাজে যাচ্ছি।
‘দুঃখিত ওনারা গার্মেন্টস কর্মী। ভোটারের উপস্থিতি বাড়ছে। তবে এখনো কোন ভোটার ভোট কেন্দ্র গিয়ে ভোট দেননি।'

৯) ঢাকা-৬ আসনের নবাবপুর ভোটকেন্দ্রে ভোটার আইডি কার্ড না থাকা কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ভোটারকে ভোটকেন্দ্রের লাইনে দেখা যায়। সাংবাদিক কারন জিজ্ঞেস করলে তারা সরে যায়! এমনকি একজনকে একুশে টিভির সাংবাদিক ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তখন আওয়ামী লীগের নেতারা সেই লোককে রক্ষা করে, সাংবাদিকদের সাথে আক্রমনাত্নক তর্ক শুরু করে দেন।

১০) প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ভোটের রাত বারোটায় তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানালেন, ভোটারদের সংখ্যা নাকি এখনও ক্রমান্বয়ে বাড়ছে! তিনি 'তার কাছে থাকা বিভিন্ন তথ্য' দিয়ে প্রমান করলেন, নির্বাচনে ৫০ ভাগের কাছাকাছি ভোট গ্রহন হয়েছে! এমনকি শেখ হাসিনার আসনে ৯৬ ভাগ ভোট আদায় হয়েছে বলে দাবী করলেন! তার এই স্ট্যাটাসে একজন মন্তব্য করলেন,
সকালে আমার মুরগিটা ১ লিটার দুধ দিয়েছিল। তাকে ভোট কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ দিই। সে সন্ধায় ১০০ লিটার দুধ দিয়েছে। সকালে আমার গরুটা ২টা ডিম পেড়েছিল। তাকেও ভোট কেন্দ্রে ভোট দেয়ার সুযোগ দিই। সে সন্ধায় ২০০টি ডিম দিয়েছে। কেনই বা দিবে না বলুন? সকালে হাজার ভোটও পড়তে হিমশিম খেয়েছে আর এখন শুনি প্রার্থীরা লাখ লাখ ভোট পেয়েছে। তাহলে আমার মুরগি আর গরু এত দিবে না কেন? আসলে তাদেরও নির্বাচনী ছোঁয়া লেগেছে। যেমন জয়ের লেগেছে!
জয়ের একই স্ট্যাটাসে আরেকজন মন্তব্য করেছেন,
‘জী ভাই। আমরা আম জনতা (লীগ সমর্থক বাদে) বোকা না। যাই হোক এখন আর উচিৎ কথা বলে যৌথ বাহিনীর হাতে গুম হওয়ার শখ নাই আমার। আল্লাহ দেশের মঙ্গল করুক’।
কাগজের ফুল নামের আরেকজন মন্তব্য করলেন,
‘আমার খালু তিন মাস আগে মারা গেছে কিন্তু আজকে আমার খালু ভোট কেন্দ্রে আইসা ভোট দিয়ে গেছে আর এই হারামি কয় ভোট বলে সুস্টু ভাবে হইছে!’
আরেকজন সেখানে কমেন্ট করে জয় সাহেবকে বলেন,
‘লাখ লাখ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলো__ কিন্তু ঘন কুয়াশার কারনে দেখা যায় নাই! :D’
জয় সাহেবের একই স্ট্যাটাসে আরেকজনের প্রশ্ন,
‘সকাল ৮টা থেকে বিকাল ৪টা পরযন্ত কেন্দ্র ফাঁকা, সন্ধার পর ভোটের সংখ্যা বাড়িয়ে ০৫% থেকে ৫০% করলেই নির্বাচন বৈধ হবে?’
একই স্ট্যাটাসে একজন লিখলেন আসল কথাটি,
‘জয় ভাই, যত যাই বলেন, আজকে আওয়ামীলীগ সরকার প্রমাণ করলো দেশে তত্তাবধায়ক সরকার ছাড়া কোনদিনও নির্বাচন শুষ্ঠ হবে না। আপনাকে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। একসময় বিশ্বাস করেছিলাম হয়তোবা আপনাদের কথা অনুযায়ী নির্বাচন ফেয়ার(যদিও একক ভাবে নির্বাচনে ফেয়ার হওয়ার মত কিছুই নাই) হবে। কিন্তু এই নির্বাচনেও যেভাবে ভোট কারচুপি হয়েছে তাতে লজ্জা পাওয়া ছাড়া আর কিছুই নাই। তবে স্বাধীনতা বিরোধীদের সাথে বাঙ্গালী কখনো আপোশ করে নাই করবেও না ইনশা আল্লাহ। কিন্তু গণতন্ত্রের নামে যে ৩০০ কোটি টাকার নাটক আর এই কয়দিনের সহিংশতায় যে প্রাণ গুলো গিয়েছে সেটার দায়িত্ব কে নিবে? এখন আমাদের দেশে চেতনাবোধের থেকেও একটা বড় জিনিস দরকার, সেটা হচ্ছে শান্তি!’


১১) ‘ভোটার উপস্থিতি নাই কেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহিউদ্দীন খান আলমগীর বললেন, ‘শৈত্যপ্রবাহের কারনে ভোটার আসছেন না, দুপুরের সময় আসবেন’। মহিউদ্দীন সাহেবের কথামত সাংবাদিকরা দুপুর গড়িয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারদের জন্য অপেক্ষা করে কাউকে আসতে না দেখে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকলেন ডাটা সংগ্রহ করতে! প্রিজাইডিং অফিসার জানালেন, ৯০ ভাগ ভোট গ্রহন হয়ে গেছে! ‘ভোটার তো নেই, ৯০ ভাগ ভোট দিলেন কখন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বললেন, সবাই সকালে ভোট দিয়ে চলে গেছে! একই ধরণের কথা বলেছেন সাহারা খাতুনও। আমাদের প্রশ্ন হলো, ওনাদেরই ভাষ্যমত শৈত্য প্রবাহের জন্য তো সকালে ভোটাররা আসেনইনি, প্রিজাইডিং অফিসারের কথা মত ৯০ ভাগ ভোটার ভোট কীভাবে ও কখন প্রদান করেছেন? এ ব্যাপারে একজন পথচারীর মন্তব্য, ‘বোধহয় আজকে জ্বীন জাতি নেমেছিল ভোট দিতে। নয়তো ভোট বাচ্চা প্রসব করেছে!’

মহিউদ্দীন খান আলমগীর একই সাথে আরেকটি মন্তব্যও করেছিলেন। তিনি হাসিনাকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সাথে তুলনা করে বলেন, 'ইতিহাসে হাসিনার নাম আব্রাহাম লিংকনের সাথে লিখা থাকবে'। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একে এম ওয়াহিদুজ্জামান ভাই একটি স্ট্যাটাস দিলেন,

তা তো বটেই! আব্রাহাম লিংকন গনতন্ত্রের সংগা দিয়েছিলেন, "Government of the people, by the people, for the people, shall not perish from the Earth"। দীর্ঘ দেড়শত বছর পর হাসিনা তা মিথ্যে প্রমানিত করে নতুন সংগা উপস্থাপন করেছেন, "BAL Government OFF the people, BYE the people, FAR the people, shall not perish from the Bangladesh"।
সারাদেশে ১০ ভাগেরও কম ভোটার উপস্থিতি থাকলেও, এখন নির্বাচনী ফল গণনার সময় ‘লাখ লাখ ভোটের’ হিসেব-নিকেশ করা হচ্ছে! যেখানে সুষ্ঠ ও সকল দলের অংশগ্রহনে স্বাভাবিক নির্বাচনে পর্যন্ত ৬০ ভাগের বেশী ভোটার উপস্থিতি থাকে না, সেখানে হাসিনা গোপালগঞ্জ আসনে এই ভোটার বিহীন নির্বাচনেও একাই ৮৮ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন! তাহলে অন্য প্রার্থীদের ভোট হিসেব করলে, ভোটার উপস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই মালুম! সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৪ টি করে ভোট আদায় হয়েছে, যা এক কথায় অসম্ভব!

আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই একদলীয় অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করে নিজেদের নিরব রায় প্রদান করার জন্য। যতই আওয়ামী মিডিয়া 'দেশে ভোটের বন্যা বয়ে গেছে' বলে প্রচার চালাক না কেন, কোন লাভ হবে না। কারন দেশের প্রত্যেক নাগরিক জানেন, কাল কি ঘটেছিল সারাদেশে! জনগণ এই অন্যায়ের প্রতি যেভাবে তাদের নিরব ও সরব প্রতিবাদ জানালো, তা এক কথায় অভূতপূর্ব! এই নির্বাচনের মধ্য দিয়ে ’৭৩ এর পর আওয়ামী লীগের কপালে আরেকটি কলংকতিলক লেগে গেল। ইনশাল্লাহ, এই একদলীয় সরকার বেশিদিন টিকবে না। সরকার পতনের মূল আন্দোলনের শুরুটা হবে আজ থেকে। তাদের অনৈতিক এই স্বৈরাচারী আচরনের কারনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চাপ শুরু হবে ভোটের পর দিন অর্থাৎ আজ থেকেই। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়ায়, আমরা মনে করছি, বিএনপি’র জনগণ-সংশ্লিষ্ঠ আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। আশা করি চুড়ান্ত বিজয় সহসাই অর্জিত হবে, আন্দোলন অব্যাহত থাকবে। আজকের নির্বাচনে ভোটার উপস্থিতি জাতি, সরকার ও আন্তর্জাতিক মহলকে একটা বার্তা পৌঁছে দিয়েছে।

কিছুক্ষণ আগে জাতি ও আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তারেক রহমান। এ ভাষনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন দেশবাসীকে, আশার কথা শুনিয়েছেন, ধৈর্য্য ধরতে বলেছেন এবং আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন। তার ভাষনের ভিডিওটি নিচে দেয়া হলো। আশা করি ভিডিওটি দেখবেন।



সমঝোতা না হওয়ায় হতাশ পশ্চিমা বিশ্ব : আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কা


.

জাতিসংঘসহ পশ্চিমা বিশ্বের অব্যাহত তাগিদের পরও সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে শেষ পর্যন্ত প্রধান দুই দলের সমঝোতা হয়নি। প্রধান বিরোধী দল বিএনপির বর্জন আর ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তীব্র হতাশ হয়েছে পশ্চিমা বিশ্ব। নির্বাচনের ঠিক আগেও আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই শীর্ষ কূটনীতিক। এসব বৈঠকে সংঘাত এড়ানো আর সংকটের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার অনুরোধ জানান কূটনীতিকেরা।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুই দলকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে শেষ মুহূর্তেও তাগিদ দেন পশ্চিমা কূটনীতিকেরা। এতে কাজ না হওয়ায় নিজেদের মধ্যে বোঝাপড়ার লক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় দুই দফা বৈঠক হয়। পরিস্থিতি কোন পথে এগোচ্ছে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তাঁরা। জানা গেছে, বিরোধী দলবিহীন এ নির্বাচনের ফলাফল কীভাবে মূল্যায়ন করা হবে, তার আভাস ইতিমধ্যেই দিয়েছে পশ্চিমা বিশ্ব। এ নির্বাচনকে পাশ্চাত্যের দেশগুলো ‘ভালো’ নির্বাচনের সনদ দেবে না। ভোটারবিহীন এ নির্বাচনের পর বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আভাস মিলছে।

ইউরোপীয় ইউনিয়নে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) ক্ষেত্রে কাটছাঁট কিংবা অন্য কোনো উপায়ে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মার্কিন সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে শুনানির পর বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব আসতে পারে।

দশম সংসদ নির্বাচন হয়ে যাক, যত দ্রুত সম্ভব একাদশ নির্বাচন আয়োজনের জন্য সংলাপ হবে—সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ কথাটি বলা হচ্ছে। এ নিয়ে সরকারের আসল চিন্তাটা কী, সেটি বোঝার চেষ্টা করছে বিদেশি কূটনীতিকেরা। এ বিষয়ে যদি সরকার আসলেই আন্তরিক হয়, তাহলে সংলাপ অনুষ্ঠানে তাঁদের চেষ্টা আরও জোরদার করতে পারেন বলে পশ্চিমা বিশ্বের কূটনীতিকদের মত।

‘নির্বাচন নিয়ে আগাম মন্তব্য নয়’: বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের ফলাফল বা নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি নয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চাইলে উপ-মুখপাত্র মেরি হার্ফ কোনো মন্তব্য করেননি।
নির্বাচনে অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন এবং প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করছে উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চান, যুক্তরাষ্ট্র কি এই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে?
মেরি হার্ফ বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আগাম কিছু বলতে চাই না। আমি তো এটা পরিষ্কার করে বলেছি যে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কোনো পদক্ষেপ নেয়নি। এর থেকে পরিষ্কার যে, এটা শুভ লক্ষণ নয়। তবে নির্বাচনের ফলাফল নিয়ে আগাম কোনো মূল্যায়ন বা নির্বাচন-পরবর্তী সময়ে আমরা কী বলব, তা নিয়ে আগেভাগে কিছু বলতে চাই না।’

বিরোধীদলীয় নেতার ‘অন্তরীণ’ থাকার বিষয়ে জানতে চাইলেও মেরি হার্ফ কোনো মন্তব্য করেননি। তবে এ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মাধ্যমে খোঁজ নেবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

এর আগে সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ কোনো তথ্য আছে কি না, মেরি বলেন, ‘গত সোমবার আমরা যা জানিয়েছিলাম, তার পর থেকে সর্বশেষ আর কোনো তথ্য আমার কাছে নেই। ওই দিন যা বলেছিলাম সেটিই আজ আবার বলছি, আমরা বিশ্বাস করি, গঠনমূলক সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন দ্বিগুণ করা উচিত। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ তাদের খুঁজে বের করতে হবে। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়, কেননা তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে।’

মেরি হার্ফ বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা পর্যবেক্ষক পাঠাচ্ছি না। আমরা খুবই হতাশ যে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং যতটুকু যুক্ত থাকা প্রয়োজন তা আছি।’

http://www.prothom-alo.com/bangladesh/article/115387/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE_%E0%A6%A8%E0%A6%BE_%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%B9%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B6_%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC

মার্কিন 'ফরেন পলিসি'র ১০ অস্থিতিশীল দেশের তালিকায় বাংলাদেশ : গৃহযুদ্ধের আশঙ্কা


.

মার্কিন ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনে সাম্প্রতিক কালের বিশ্বের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে “পরবর্তী বছরের যুদ্ধসমূহ : সোচি থেকে সুদান, দশটি সংঘর্ষ যা ২০১৪ সালে বিশ্বের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলবে” – শিরোনামে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। আমরা এখানে বাংলাদেশ প্রসঙ্গে আংশিক বিশ্লেষণ করলাম।


http://www.foreignpolicy.com/articles/2013/12/30/next_year_s_wars


তাদের মতে, ‘রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে বাংলাদেশ ২০১৪ সালে প্রবেশ করল। দেশটিতে একদিকে জানুয়ারি মাসের নির্বাচন এগিয়ে আসছে। অপর দিকে সরকার ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘাতে বহু মানুষের মৃত্যু ও শত শত মানুষের আহত হওয়ার ঘটনা ক্রমে বাড়ছে। বিরোধী দল দেশজুড়ে সহিংস অবরোধ বা হরতালের ডাক দিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন ও নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিরোধী দল বিএনপি বলছে, তারা নির্বাচন বর্জন করবে।

এ ধরনের বর্জন সংকটকে ঘনীভূত করবে এবং প্রাণঘাতী সংঘাতের পরিমাণ বাড়িয়ে দেবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোড ম্যাপ তৈরি না করে কেবল নির্বাচন স্থগিত করার মধ্যদিয়ে (যেমনটা করতে অনেকেই পরামর্শ দিচ্ছেন) কোনো সমাধান বয়ে আনবে না।

বাংলাদেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের শিকড় অনেক গভীরে প্রোথিত। গত দু বছরে, সরকারের উদ্যোগে গঠিত এক ট্রাইব্যুনাল বেশ কয়েকটি ত্রুটিপূর্ণ রায় দিয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ওই ব্যক্তিদের সাজা দেওয়া হয়। এখন পর্যন্ত যেসব ব্যক্তিদের সাজা হয়েছে, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। পাকিস্তানের সেনাবাহিনীর যে সদস্যরা মূল অপরাধের জন্য দায়ী, তাদের কাউকে অভিযুক্ত করা হয়নি। জামায়েতে ইসলামীর ছয় নেতাকে মৃত্যুদণ্ড দিয়ে পরিস্থিতি আরও ঘোলা হয়েছে। এতে সরকার ও বিরোধী গোষ্ঠী দুটির মধ্যে সংঘাত এত তীব্র হয়েছে যে, এ সুযোগে উগ্রপন্থী সংগঠনের উত্থান ঘটতে পারে।

এ সমস্যার সমাধান হলো একটি সুষ্ঠু নির্বাচন এবং স্থিতিশীল ও দায়িত্ববান সরকার গঠন করা। এ জন্য শেখ হাসিনা ও খালেদা জিয়াকে পরস্পরের প্রতি সহনশীল ও উদার হয়ে সমাধানের রোড ম্যাপ তৈরির জন্য সমঝোতায় উপনীত হতে হবে।

এর বাইরে গেলে বহু বিপদ অপেক্ষা করছে। ১৯৭১ সালের পর দেশটিতে অন্তত ৩০ দফা সেনা অভ্যুত্থান হয়েছে। এগুলোর এক পঞ্চমাংশ সফল হয়েছে। দ্বিতীয়ত, দুজন প্রধানমন্ত্রীকে হত্যাকাণ্ডের শিকার হতে হতে হয়েছে, যাঁদের একজন শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান। [কার্যত দুজন প্রধানমন্ত্রী নন, একজন। অন্যজন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বেগম খালেদা জিয়ার স্বামী।] আজও সেনাবাহিনী একটি হুমকি। এছাড়া, রোহিঙ্গা শরণার্থীদের উগ্রবাদী হয়ে ওঠা, মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং বাংলাদেশের জটিল অর্থনৈতিক গতিপথ সব মিলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।

সহযোদ্ধাদের জন্য একটি বিশ্লেষণ : যে কারনে বিএনপি নেতারা প্রকাশ্যে নেই


.


কয়েক ঘন্টা আগে বেগম খালেদা জিয়ার সাথে বৃটিশ হাইকমিশনারের বৈঠক শেষে বের হওয়ার পথে বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীকে। বিএনপি'র যে নেতাই আন্দোলনের কাজে প্রকাশ্যে আসছেন, তাকেই আটক করা হচ্ছে। কেউই প্রকাশ্যে এসে আন্দোলনে এক-দুই ঘন্টার বেশী অবদান রাখতে পারছেন না। শমসের মবিন যা-ও ম্যাডামের পক্ষে আন্তর্জাতিক মহলে আন্দোলন ও বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতা তুলে ধরতেন, এই স্বেচ্ছাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে মনে করেছে তাকে আটকের মধ্যে দিয়ে এই কাজটিও থেমে যাবে। এই কর্মটির মধ্যে দিয়ে সরকার আপাতদৃষ্টিতে কিছুটা সফল হলেও, এটি তাদের স্থায়ী সফলতা নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অবস্থা বিএনপি কাটিয়ে উঠবে। আসুন দেখে নিই গত দু' মাসে বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দদের গ্রেফতারের একটি ছোট্ট পরিসংখ্যান।

সোনারগাঁও হোটেলে সরকারদলীয় নেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি অনুষ্ঠান শেষে অতর্কিতভাবে, বিনা কারনে শুধুমাত্র আগামীর আন্দোলনকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে গ্রেফতার করা হয় বিএনপি'র স্থায়ী কমিটির তিন সদস্য- মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম ও এম কে আনোয়ারকে।
সূত্রঃ "বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ-আনোয়ার-রফিকুল গ্রেফতার" - দৈনিক যুগান্তর

আন্দোলনকে স্থবির করার লক্ষ্যে বেগম জিয়াকে গৃহবন্দি করার একটি খবর ছড়িয়ে পড়লে যখন কেউই বেগম জিয়ার সাথে দেখা করতে পারছেন না, তখন ব্যাবসায়ী নেতাদের নেওয়া উদ্যোগের বিষয়ে বিরোধীদলীয় নেত্রীকে অবহিত করে বের হওয়ার সময় বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে ব্যাবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
সূত্রঃ "বিএনপির তিনজন শীর্ষ নেতাসহ পাঁচজন (বিএনপি চেয়ারপার্সনের সহকারী শিমুল বিশ্বাস, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু) আটক" - বিবিসি বাংলা

এখানেই থেমে নেই সরকার। মাঠের আন্দোলনের অগ্রভাগে যারা থাকে, সেই ছাত্র ও যুবসমাজকে স্থবির করে দেওয়ার জন্য গ্রেফতার করা হয় ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদক ও যুবদলের সাধারন সম্পাদককে। এর কিছুদিন পর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক দুই সভাপতিকেও আটক করা হয়। একই কারনে গ্রেফতার করা হয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককেও।
সূত্রঃ "ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার" - দৈনিক নয়া দিগন্ত
"স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেফতার" - বাংলানিউজ২৪.কম

ঢাকায় আন্দোলনকে আরও বেগবান করার জন্য নেত্রী ঢাকাকে আটভাগে ভাগ করে, আটজন নেতার উপর দায়িত্ব ন্যাস্ত করেন। এই প্রেক্ষিতে সরকার আটক করে সাদেক হোসেন খোকা ও হান্নান শাহকে।
সূত্রঃ "সাদেক হোসেন খোকা গ্রেপ্তার" - বিডিনিউজ ২৪.কম
"হান্নান শাহ গ্রেফতার, খোকা সহ দুই দিনের রিমান্ড মঞ্জুর" - দৈনিক সংবাদ

যে সময় দলের আন্দোলনের পক্ষে কেউই প্রকাশ্যে কাজ করতে পারছিল না, সে সময় রুহুল কবির রিজভী আহমেদ সকল প্রতিকূলতা তুচ্ছ করে দীর্ঘদিন বিএনপি অফিসে অনেকটা গৃহবন্দীর মত দলের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব ও মুখপাত্রের ভূমিকা পালন করছিলেন। তখন রাতের আঁধারে বিএনপি অফিসের ভিন্ন পথে দরজা ভেঙ্গে তাকে টেনেহেঁচড়ে নিয়ে এসে গ্রেফতার করল পুলিশ।

রিজভী আটকের পর বিএনপি'র মুখপাত্রের দায়িত্ব দেয়া হলো দলের যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমদকে। সেদিনই আটক করার জন্য তাঁর বাসায় হানা দেয় পুলিশ! আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রেফতার এড়িয়ে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করতে থাকলেন তিনি। সরকারের নজিরবিহীন ধরপাকড়ের কারনে তিনি যখন বাধ্য হয়ে অজ্ঞাত স্থান থেকে বিএনপি'র বার্তা জনগনের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন, তখন কিছু মিডিয়া, সুশীল এবং দূর্ভাগ্যজনকভাবে আমাদের তৃণমূলের কিছু নেতা-কর্মী ও সমর্থক বলা শুরু করলো, 'এটা কি ধরণের দল! কি ধরণের নেতা! কেমন আন্দোলন এটা! বিএনপি আন্ডারগ্রাউন্ডের দল নাকি! বিএনপি নিষিদ্ধ সংগঠনের মত আচরণ করছে কেন!' আরে বাবা! যে সামনে আসছে তাকেই গ্রেফতার করছে, কর্মকান্ড পরিচালনাই করা যাচ্ছে না! সেই পরিস্থিতিতে অবশ্যই কৌশল গ্রহন করে আন্দোলনকে যে কোন উপায়ে গন্তব্যে নিয়ে যেতে হবে। এই অবস্থায় যদি রিজভীর পরে সালাউদ্দিন, সালাউদ্দিনের পরে যে আসবে সে, এরপরে যে সামনে আসবে সে গ্রেফতার হতেই থাকে এবং কোনো একজন নেতা একদিনের বেশী আন্দোলনে ভূমিকা রাখতে না পারে, সেক্ষেত্রে গ্রেফতার এড়িয়ে কাজ করাই তো আন্দোলনের জন্য সহায়ক। আমরা স্বীকার করছি, বিএনপি কোন আন্ডারগ্রাউন্ডের দল নয়। কিন্তু সরকার যদি সেদিকে ঠেলে দেয়, নিরুপায় হয়ে বিএনপি নেতাদের সেরকম কৌশল নিতেই হবে। যুগে যুগে বিভিন্ন দেশে অত্যাচারী শাসকের হাত থেকে জনগনের মুক্তির সংগ্রামে ও গণতন্ত্র উদ্ধারে অনেক গনতান্ত্রীক দলকেই 'আন্ডারগ্রাউন্ড রাজনীতি' করতে হয়েছে। অথচ, মিডিয়া ও সুশীলদের পাশাপাশি খোদ আমাদের অনেক লোককেই বিএনপি'র এই কৌশলগত কর্মপদ্ধতি নিয়ে সমালোচনা করতে শুনেছি। কিন্তু তারা কি ভেবে দেখেছে, সরকারের এহেন আচরনের পর বিএনপি'র নেতাদের কাছে আর কোন বিকল্প রাস্তা খোলা নেই? তাহলে আমরা কি ধরে নেবো, তারা চান বিএনপি'র সকল নেতা একদিনে একঘন্টায় একসাথে একবারেই আটক হয়ে জেলখানায় ভর্তি হয়ে যাক? তাহলে কি আমরা ধরে নেবো, তাঁরা চান, আন্দোলন নেতৃত্বহীন হোক? আমরা মনে করি, কিছু নেতা আত্নগোপনে থাকলেও অন্ততঃ আন্দোলনের কিছু কাজ পেছনে থেকে এগিয়ে নেওয়া যায়, যা জেলের ভেতরে থেকে অসম্ভব!
সূত্রঃ "বিএনপি কার্যালয় থেকে রুহুল কবির রিজভী আটক, কার্যালয় তছনছ"- বাংলানিউজ.কম

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়ার অপরাধে মহিলা সংসদ সদস্য শাম্মী আকতার ও আব্দুল আউয়াল মিন্টুর ছেলেকে গ্রেফতার করা হয়। এ সকল গ্রেফতারের মধ্য দিয়ে সরকার একটি মেসেজ দেয়ার চেষ্টা করলো যে, বেগম জিয়ার সাথে যে-ই দেখা করতে যাবে, তাকেই আটক করা হবে। অর্থাৎ, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার চেয়েছে আন্দোলনের নেত্রী বেগম জিয়াকে নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে আন্দোলনকে স্তিমিত করতে।
সূত্রঃ "সংসদ সদস্য শাম্মী আকতার, সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেন বকুল ও আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল মিন্টু আটক" - দৈনিক পূর্বদেশ

এছাড়াও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে, মামলা-হামলা করেছে। শত-শত নেতাকর্মীকে নির্বিচারে গুলি করে সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক রাজনৈতিক হত্যাকান্ডের রেকর্ড গড়েছে, যেই ব্যাপারটি গিনেজ কতৃপক্ষের বিবেচনা করা উচিৎ! সাধারন, স্বাভাবিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েও বুলেটে বিদ্ধ হতে হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আরও আছেন, জোট নেতা শফিউল আলম প্রধান। চট্টগ্রামে একটি মিছিল শেষে গ্রেফতার হন দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। একই দিন চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করা হয় মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে। কয়েকদিন আগে ঢাকা মৎস্যভবনের সামনে থেকে গ্রেফতার করা হয় মাহবুব উদ্দীন খোকনকে।
সূত্রঃ "বিএনপি নেতা মীর নাছিরউদ্দিন ও গোলাম আকবর খন্দকার গ্রেপ্তার" - প্রথম আলো
"বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন গ্রেপ্তার" - প্রথম আলো

প্রকাশ্যে এসে আন্দোলনে যুক্ত হবার সাথে সাথেই যেভাবে বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তার সর্বশেষ উদাহরনের একটি হলেন মেজর (অবঃ) হাফিজ। মাত্র দুই দিন সাংবাদিক সম্মেলন করার মাথায়ই তাকে গ্রেফতার হতে হলো। এতে এটাই প্রমান হয়, তিনি ও তার মত অনেকেই প্রকাশ্যে এসে দীর্ঘসময় ধরে আন্দোলনে অবদান রাখতে পারেননি ও পারবেন না। এই নেতারা আজ যদি গ্রেফতার এড়িয়ে জেলখানায় না থাকতেন, তাহলে তারা আন্দোলনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারতেন, যা জেলখানায় বসে এখন একটুও পারছেন না। এই বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। বুঝতে হবে এবং বাস্তবতা মেনেই আমাদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
সূত্রঃ "অবস্থান কর্মসূচি ঘোষণার পরই গ্রেফতার হলেন বিএনপি নেতা হাফিজ" - রেডিও তেহরান

ধরে নেওয়া যাক, এক্ষুণি মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে এসে কার্যক্রম শুরু করলো, আমরা নিশ্চিত এক ঘন্টার মধ্যেই তাঁরা আটক হবেন। এমনকি নিকট অতীতে, আন্দোলনের শুরুতে মহাসচিব দুইবার আটকও হয়েছিলেন। তখন দলের স্বাভাবিক অনেক কাজই ব্যাহত হয়েছিল। এই প্রেক্ষাপটে যদি মহাসচিব বের হয়ে আটক হয়ে জেল খানায় পড়ে থাকেন, সেটা কি আন্দোলনের জন্য লাভজনক হবে? নাকি এখন আত্নগোপনে থেকে আন্দোলনের ন্যুনতম কাজগুলো চালিয়ে নেওয়া যে যাচ্ছে - সেটা লাভজনক? এইটুকু আমাদের সকলের বিবেচনায় আনতে হবে। আমাদের সকলকেই একটা কথা স্মরণ রাখতে হবে, আন্দোলনের সফলতা একসাথে বা কয়েকদিনে চলে আসে না, এটা আশা করাও ভুল। সফলতা আনতে হলে, আন্দোলন ধরে রাখতে হয়। আন্দোলন কখনও কখনও মোমবাতির মত জ্বলে, আবার তা সময়-সুযোগ ও প্রেক্ষাপটে দাউ দাউ করে জ্বলে উঠে। সে সময়টুকু পর্যন্ত যেতে হলে, কিছু কিছু নেতাকর্মীকে বাহিরে থেকে হলেও টিকে থাকতে হবে। আজকে যারা হা-পিত্যেস করছেন - তারা সঠিক নন। এতে আন্দোলন ক্ষতিগ্রস্থ হতে পারে। আমাদের আরও কঠিন মনোবল নিয়ে ধৈর্য্য ধরে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ-বিএনপি সহ সকল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ছাত্র-জনতার যুগপৎ কঠোর আন্দোলনের পরও, আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বেশ সময় লেগেছে। এরশাদের লোকদের হাতে ডাঃ মিলনের হত্যার মধ্যে দিয়েই পরিস্থিতি আন্দোলনকারীদের পক্ষে চলে আসে এবং স্বৈরাচার এরশাদের পতন ঘটে।

আন্দোলনের বিপক্ষ শক্তির কিছু মিডিয়া ও সুশীল 'কেন বিএনপি নেতারা রাজপথে নেই'- এই বিষয়টিকে অতিমাত্রায় হাইলাইট করে আন্দোলনের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ, সরকার বিএনপি'র নেতাকর্মীদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াও দাঁড়াতে দিচ্ছে না, দেখামাত্র গুলি ও গ্রেফতার করছে। এমনকি সর্বশেষ 'মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচির দিন আপনারা লক্ষ্য করে থাকবেন, প্রত্যেকটি জেলার সাথে ঢাকার সকল যোগাযোগ মাধ্যম সরকার নিজেই বন্ধ করে দিয়েছে। সড়ক যোগাযোগ তো বটেই, এমনকি লঞ্চ, ফেরী, নৌকা, ট্রেন পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। মোটরসাইকেল, সিএনজি সহ রিকশার যাত্রীদের পর্যন্ত হেনস্থার শিকার হতে হয়েছে। সরকারী পুলিশ বাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় আওয়ামী দলীয় ক্যাডাররা মহামান্য সুপ্রীমকোর্ট, প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের উপর নগ্নভাবে হামলা চালিয়েছে। দেশের ইতিহাসে প্রেসক্লাবে ও মহামান্য সুপ্রীম কোর্টে হামলা অতীতে কখনও ঘটেনি। বিশেষ করে মহামান্য সুপ্রীমকোর্টে হামলার ঘটনাটিও গিনেজবুকে স্থান পাওয়ার দাবী রাখে! এসব ঘটনাই নির্দেশ করে, বিএনপির নেতাকর্মীদের স্বাভাবিকভাবে রাজপথে আসা কতটা দুরহ! অথচ, সেসব সুশীল ও মিডিয়া সরকারের এহেন নির্যাতন-নিপীড়ন, হত্যা, গুমের মাধ্যমে আন্দোলন দমানোর বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাচ্ছে। আমরাও যদি তাদের মত করে বিষয়টিকে একইভাবে মূল্যায়ন করি এবং বিষয়টির গভীরে না গিয়ে সমালোচনা করি, তাহলে চক্রান্তকারীদের উদ্দেশ্যকেই সমর্থন করা হলো।

আজ আমাদের নেত্রী প্রায় অবরুদ্ধ। বের হতে দিচ্ছে না কর্মসূচিতে। দেখা করতে দিচ্ছে না সংবাদমাধ্যমের সাথে। নিকট আত্নীয়স্বজনকে পর্যন্ত সাক্ষাতে বাঁধা দিচ্ছে। বাড়ির চতুর্দিকে বালির প্রাচীর নির্মান করা হয়েছে! এরপরেও আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এর চেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও আন্দোলন এগিয়ে নেওয়ার মানসিকতা অর্জন করতে হবে এবং সহযোদ্ধাদের বিষয়টি অনুধাবন করতে সাহায্য করতে হবে। ইনশাল্লাহ্‌, আমরা সফল হবই, এই গণতন্ত্রের মুখোসধারী হায়েনা সরকারের পতন অনিবার্য।