এক যুগ আগের ঘটনা নিয়ে আমার বিরুদ্ধে তিন দিনে চার মামলা!


.

১৬ মে ১৪'র করা ২টি মামলার পর, আজ আবার আমার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা ও সাজানো আরও ২ টি মামলা করেছে। আপাতত গত তিন দিনে মোট ৪টি মামলা দায়ের করেছে। জানা যায়, এ রকম একাদিক আরো মামলা ঢাকা থেকে সরকারের নির্দেশে আমার বিরুদ্ধে আসছে।

আটক না হয়ে থাকলে ২/১ দিনের মধ্যে এ বিষয়ে আমি একটি পোস্ট দিয়ে আমার মতামত জানাবো। ইনশাআল্লাহ আমি ভীত নই, আপনারা আমার জন্য দোয়া করবেন।

গত ১৬ মে'র দায়ের করা ২টি মামলা সংক্রান্ত একটি অনলাইন পত্রিকার নিউজ এ পোস্টে হুবহু তুলে ধরা হলো:


প্রকাশ : ১৯ মে, ২০১৪ ১১:১৯:২৫
খাগড়াছড়িতে ওয়াদুদসহ বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শীর্ষ নিউজ ডটকম, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়াসহ বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে এক যুগ আগের ঘটনা দেখিয়ে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ মে রাত সোয়া ৯টার দিকে স্থানীয় আওয়ামীলীগ কর্মী মো. ফারুক আহমদ বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। (নং০১) জিআর ১৪৪/১৪।

মামলায় ওয়াদুদ ভূইয়াকে ২০০১ সালের ৪ অক্টোবর ফারুকের উপর হামলা ও বাসার মালামাল চুরির ঘটনায় নির্দেশ দাতা দেখানো হয়েছে।

এ মামলার অপর আসামিরা হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়া, জেলা যুবদলের সভাপতি দাউদ-উল-ইসলাম ভূইয়া, রামগড় উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, তার চার ছোট ভাই মুরাদ, সাজ্জাদ, রিয়াদ, আসাদ, সাবেক পৌর কাউন্সিলর মো.জসিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোজ্জামেল হোসেন বাবলু, বিএনপি নেতা আলাউদ্দিন, ইরান, সোহেল, মিলন এবং সুজাত আলী।

এদিকে একই দিন রাতে রামগড় থানায় আরও একটি মামলা দায়ের করেছেন পূর্ব চৌধুরী পাড়ার বাসিন্দা মো. নুরুল ইসলাম। মামলা (নং-০২) জিআর ১৪৫/১৪।

মামলায় ২০০১ সালের ১৩ ও ১৫ অক্টোবর ওয়াদুদ ভূইয়ার নির্দেশে তাকে অপহরণ ও মুক্তিপন আদায়ের অভিযোগ আনা হয়।

মামলার অপর আসামিরা হচ্ছেন রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়া, তার গাড়ী চালক দুলাল, বিএনপি কর্মী নুরুল হুদা, নুরুল আলম ও আলাউদ্দিনসহ আরো অজ্ঞাত ৪/৫ জন।

রামগড় থানার অফিসার ইনচার্জ এসআই মুকবুল হোসেন জানান, উচ্চ আদালতের নির্দেশের কথা বলে বাদীরা মামলাগুলো দায়ের করেছে।

এদিকে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তারা বলেন, প্রায় এক যুগ আগের ঘটনা দেখিয়ে ওয়াদুদ ভূইয়াসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়েরের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। ওয়াদুদ ভূইয়া যাতে এলাকায় অবস্থান করতে না পারেন সে জন্য পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে রাতের আঁধারে ও অতি গোপনে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান। অন্যথায় খাগড়াছড়ি জেলা বিএনপি কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/এনএম/টিএইচ
১৯ মে, ২০১৩