গতিময় আমি


.




রাত এখন চারটা, বিশ্বকাপ ২০১৪ ব্রাজিলে জাপান ও গ্রীসের মধ্যকার খেলা চলছে। আজকের খেলাটির খুব একটা গতি থাকবে তা মনে হচ্ছে না, তাই খেলার ফাঁকেফাঁকে আমার এই লেখা। আমি ফুটবল ভালবাসি, ছোট বেলা থেকে কলেজ বয়স পর্যন্ত আমিও ফুটবল খেলতাম, পায়ে আমার এখনও বুটের অনেক আঘাতের চিহূ। খুব ভালো খেলতাম না। মধ্যম সারির খেলোয়াড় ছিলাম। স্কুল ও কলেজ টিমের অধিনায়ক ছিলাম। পরে নিজের গড়া ক্লাবের ও মহকুমা টিমের অধিনায়কও ছিলাম।

স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, ছোট বেলা থেকেই জিয়াকে ভালো লাগতো তাই জিয়ার দলের সাথে জড়িত হয়ে যাওয়া। জিয়া আমার আইডল। মা আর বড়ভাই আমার প্রেরণাদানকারী। মানুষ বলতো, মানুষ নাকি মাটির তৈরী। আমি জানলাম মানুষ শুধু মাটির নয়, মাটি, আগুন, পানি ও বায়ু দ্বারা মানুষ তৈরী। এসব কারনে বোধ হয় মানুষ নানা ভাবে প্রভাবযুক্ত। একেকজন একেক ধাচের। তাই আমিও এর ব্যতিক্রমহীন নই। শুরুতে বলেছি ফুটবল ভালবাসি, কিন্তু গতিময় ফুটবল, গতিহীন নয়। ঠিক তেমনি আমিও একজন গতিশীল মানুষ। সারাজীবনই গতি ছিল আমার। গতি শেষ হয়ে গেলে আমিও শেষ হয়ে যাবো। আমি আসতে যেতে, উঠতে বসতে কাউকে বলে বলে করাতে অভ্যস্ত নই। মানে এই প্রকৃতির মানুষ না। যেমন অনেক ছেলেরা ঘর থেকে বের হতে মাকে, বউকে বলে বলে যায়, ফিরে এসে বলে আমি আসলাম। আমি তা করতে কখনও পারি নাই। হয়ত এটা আমার দোষ। আমার অবস্থান ও অস্তিত্বই প্রকাশ করতো আমি বাহিরে যাচ্ছি বা বাহির থেকে ফিরছি বা কখন যাবো, কখন আসবো। এটাই আমার বৈশিষ্ট্যাবলীর একটি। আমি ব্যস্ততাযুক্ত মানুষ, ব্যস্ত থাকতে ভালবাসি। কাজ আর মানুষ পাগল মানুষ আমি। এজন্য জীবনে অনেক খেসারত দিতে হয়েছে আমাকে, হয়ত আরো দিতে হবে। তবুও এর বাহিরে যাবো না! কিন্তু নির্মম নির্মমতা, ওয়ান ইলেভেন আমার এই গতিময় জীবনকে ইউটার্ন করে দিয়েছে। তারা প্রায় তিন বছর কারাগারে রেখে আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমার গতিময়তা থেকে, আমার পরিবার ও মমতাময় সন্তানদের কাছ থেকে। কেড়ে নিয়েছে অর্থনৈতিক ও সামাজিক অবস্থান, রেখে গেছে শুধু মানুষের ভালবাসার আহবান। তারপরও কারাগার থেকে বের হয়ে অতি দ্রুততার সাথে এসব সামলে উঠেছি, কিন্তু গত চার বছর বর্তমান সরকার নানা ভাবে করেছে আমাকে গৃহবন্দী। আবারও করে তুলেছে গতিহীন। যা আমার সাথে কোনভাবেই যায় না, আমি মেনে নিতে পারিনি। যেমনটি পারতাম না প্রিয়জনদের বেলায়ও।

কিন্তু কি আর করা। বাধ্য হয়ে বিপরীতগামী গতিরোধক এ জীবনই আমাকে মেনে নিতে হয়েছে। তারপরও বেশ ব্যস্ত সময় কাটাতে হয়। জানি না কবে এর সমাপ্তি হবে, আশায় আছি সেই গতিশীল দিনের, মনে করি বেশী দেরী নাই। তাই কেউ যখন আদরে ভালবাসায় বা বন্ধুত্বপূর্ন আচরনেও আমার কাজ ও গতির সামান্যতম ব্যাঘাত সৃষ্টি করতে চায় তাদের ইচ্ছায় বা অনিচ্ছায়, তা আমার মেনে নিতে অনেক ধাক্কা লাগে। আমি পারি না এবং পারবো না। আমি আমার গতি নিয়ে বেচে থাকতে চাই। এতে যদি মোকাবেলা করতে হয় একাকি তাও মন্দ নয়। আজকের এই খেলাটি গোল শূন্য ড্র হল।