পহেলা বৈশাখ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ


.

পহেলা বৈশাখ আজ এমন একটি উৎসবে পরিনত হয়েছে যা দেখলে বিশেষ করে ঢাকায় মনে হয় অন্যরকম এক প্রাণের মেলা, এইদিনটিতে রাস্তা, ঘরবাড়ি, হল, কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল, ফাইভ স্টার হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক যেদিকেই তাকাবেন, দেখবেন সবাই ব্যস্ত, আনন্দ ব্যস্ত। সারা শহরের দিকে তাকালে আপনার মনে হবে এটি যেন ঈদ, দুর্গোৎসব বা বড়দিনের উৎসবকে অতিক্রম করে ফেলেছে। তবে তা মনে হয় আরো প্রায় ১০/১৫ বছর আগেই অতিক্রম করে ফেলেছে। শুধু ঢাকা কেন এখনতো এটি জেলা ছাড়িয়ে উপজেলা, কোথাও কোথাও ইউনিয়নে চলে গেছে। দেশের বাহিরে যে দেশেই বাঙ্গালিরা আছে সেখানেই বৈশাখ পালন হচ্ছে ধুমধাম করেই। ঈদে বা পূজায় মানুষ যে পরিমান নতুন কাপড় ইত্যাদি কেনাকাটা করে তার চেয়ে অনেক বেশি কেনাকাটা করছে পহেলা বৈশাখে। দোকানগুলো খালি থাকেনা, কাপড়ের দোকান বা টেইলার শপগুলো ডেলিভারি দিয়ে কুলোতে পারছেনা।
আসলে এই উৎসবটি সম্মিলিত বাঙ্গালির উৎসবে পরিনত হয়েগেছে বহু আগেই। আমি জানি আমার এই কথায় আমার সাথে অনেকেই ভিন্নমত পোষণ করবেন। করতেই পারেন। আমার দীর্ঘদিন থেকে তাই মনে হচ্ছে, দেখে, বুঝে এবং জেনে আমি আমার ধারনাগত মতামত তুলে ধরলাম মাত্র।

ঈদ যখন আমরা করি তখন শুধু মুসলিমরাই করি, পুজা করে শুধুই হিন্দুরা আর বড়দিন করে এদেশের বাঙ্গালি খৃষ্টানরা, আমাদের দেশে যাদের কথা বলছি এরা সবাই বাঙ্গালি। ধর্মে আমরা ভিন্ন ভিন্ন হলেও আমরা যেমন কেউ মুসলমান, কেউ হিন্দু বা সনাতনী, কেউ খৃস্টান। সবাই কিন্তু বাঙ্গালি। এখন প্রশ্ন জাগতে পারে ধর্ম আগে না বাঙ্গালি আগে? আমি এই বিতর্কে যাবো না। অন্তত আমরা সবাই এটাতো মানবো আমরা বাঙ্গালি, এক সময় আমাদের বাবা, দাদা, আরো আগের, আরো আগের প্রজন্ম বাঙ্গালী ছিল। বছরের এইদিনে হাল খাতা হতো, দোকানি বকেয়া আদায় করতো, ক্রেতা নতুন জামা পরে দোকানে গিয়ে বকেয়া পরিশোধ করতো, দোকানী সবাইকে মিষ্টি খাওয়াতো। গ্রামে গ্রামে মেলা বসতো শত শত ছেলে মেয়ে, ছাত্র যবুক, বুড়ো সবাই বৈশাখী মেলায় যেতো। এখন যুগের সাথে কালের পরিবর্তনশীলতায় বৈশাখী মেলাও পরিবর্তন হয়েছে মাত্র। এটা বঙ্গের সংস্কৃতি, বাঙ্গালির শিকড়। একে অবহেলা কিংবা অন্যভাবে বিবেচনা করা ঠিক নয়। হয়ত এই বৈশাখ উদযাপন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, আপনি যেভাবে চাইবেন সেভাবে হয়ত পালন হচ্ছে না, আমি যেভাবে চাইছি সেভাবে হয়ত পালন হবেনা। মানুষ মাত্র মতের ভিন্নতা থাকবে কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নাই, যদি আপনি এটুকু স্বীকার করেন পহেলা বৈশাখ বলতে বাঙ্গালির কিছু একটা ছিল। তাহলে আপনাকে পহেলা বৈশাখ মানতে হবে, এখানে আসতেই হবে। বরং এখানে এসেই আপনার চিন্তাগত ভিন্নতার পরিবর্তনের চেষ্টা করতে পারেন। কিন্তু দুরে থেকে এর বিরুদ্ধাচরণ করে এটিকে থামাতেও পারবেন না, ঠেকাতেও পারবেননা। বরং এর ভক্ত সমর্থক দিন দিন বেড়েই চলছে, যা চলা উচিৎ।



আমাদের বুঝতে হবে পহেলা বৈশাখের সাথে ধর্মের মানে কোন ধর্মের সাথেই বিরোধ নাই। যেমনিভাবে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের বিরোধ নাই। আমাদেরকে এসব বিবেচনা করেই চলতে হবে, এগুতে হবে। এই বিষয়গুলো গভীরভাবে ভাবনায় না আনায় বরং এই অতি মূল্যবান ইস্যুগুলো নিয়ে দেশের একটি গোষ্ঠী চেতনার ব্যবসা করছে এবং জাতীয়তাবাদীদের আঘাত করছে এই ইস্যুগুলোকে পুজি করেই। যেমন ধরুন যেহেতু শহিদ জিয়া একজন খাটি মুক্তিযোদ্ধা, আর তারই জম্ম দেওয়া দল মুক্তিযুদ্ধের সুবিধাভোগী হতে পারবে না, এটা কেমন করে হয়?

বাংলাদেশের মৌলিক দুটো ইতিহাস যদি আপনি খোঁজেন, যা আজকের নতুন প্রজম্ম খুজছে এবং আসক্ত হয়ে পড়েছে তা হলো এক. মুক্তিযুদ্ধ, দুই. বাঙ্গালির লোক সংস্কৃতি, আবাহমান কালের বাঙ্গালির ঐতিহ্যগত সংস্কৃতি পহেলা বৈশাখ। এই দুটো অতি গুরুত্বপূর্ন বিষয়কে আপনি আমি এড়িয়ে চলার কারণেই এদেশের অপগোষ্ঠীটি মহা মূল্যবান এই বিষয়গুলোকে হাতিয়ার বা অস্ত্র হিসাবে ব্যবহার করে যাচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে, জাতীয়তাবাদীদের বিরুদ্ধে। এই হাতিয়ার তাদেরকে একতরফাভাবে ব্যবহার করতে দেওয়া কোনভাবেই ঠিক হবেনা। এই হাতিয়ার ধরে ফেলতে হবে, অধিকার নিয়েই এই হাতিয়ারে ভাগ বসাতে হবে। এর থেকে দুরে থাকা মানে বিশাল এলাকা, বিশাল ইস্যু ও বিশাল অনাগত প্রজম্মের পর প্রজম্ম প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। তা কেন হবে। মুক্তিযুদ্ধ এদেশের সবার, তেমনি নববর্ষ বা পহেলা বৈশাখও দেশের সবার। তাই এর ভাগিদারী কেন শুধু তারা একাই হবে বা নিবে? আমরা নয় কেন? তাই আসুন সবাই মিলে এখন থেকে এমন করেই ভাবি এবং এই চিন্তার বাস্তবায়ন করি।

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না?


.

সালাউদ্দিন ভাই তুমি কি আর ফিরে আসবা না? তোমার জন্য, ইলিয়াস আলীর জন্য কিছু করতে না পারার যে কি যন্ত্রনা ও কষ্ট তা তোমাকে বুঝাতে পারবো না। দূরপথ থেকে তা তুমি টেরও পাচ্ছো না।

মানুষ শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, জ্যাকেট, সুয়েটার কিংবা স্যুট কত কিছুই পরে। আমিও এসব পরে আসছি। তুমি কিন্তু এসবের বাইরে সাফারিও পরো, যা রাষ্ট্রনায়ক জিয়া সবচেয়ে বেশি পরতো। কিন্তু তুমি হারিয়ে যাওয়ার কয়েক মাস আগ থেকে আমার ভেতর একটি বায়না উঁকি দিচ্ছিল বার বার। তা হলো, এবার প্রকাশ্যে বের হলে তোমার মতো, জিয়ার মতো করে সাফারি পরে রাজনৈতিক কর্মকাণ্ডে যাবো।

আমার এক বন্ধুকে বারবার বলছিলাম, 'সাফারি ভালো বানাতে পারে কোন টেইলার'? সে বললো, 'কেন'? আমি বললাম, 'সালাউদ্দিন ভাইয়ের মত সাফারি পরবো'। দুজনে আলাপ করে টেইলার পছন্দ করলাম, কাপড় ও কাপড়ের ধরনধারণ ঠিক করলাম। কিন্তু কি নির্মম! এর কয়েকদিন পরই তুমি নাই। তোমাকে ওরা তুলে নিয়ে গেল, স্বীকারও করলো না। তোমার বউ আর সন্তানেরা দৌঁড়াচ্ছে আর চোখের পানি বিসর্জন দিচ্ছে। আমরা কিন্তু কেউই তোমার জন্য কিছু করতে পারলাম না! শুধু কাগজের বিবৃতি ছাড়া। আফসোস, এখন শুধু ভাবি, আমি কেন তোমার মত সাফারি পরতে চাইলাম?

২০০৬ সালে খাগড়াছড়ি পর্যটন মোটেল উদ্বোধনের সময়ও আমার পাশে ছিলেন সালাউদ্দিন ভাই। সেদিনও কাকতালীয়ভাবে তার গায়ে ছিল সাফারি স্যুট।

একবার বেগম জিয়ার রোডমার্চ ঢাকা থেকে বগুড়া- চাপাই নবাবগঞ্জ- কুষ্টিয়া হয়ে রাজশাহী গেল। রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকা। আমি সেই রোডমার্চে সালাউদ্দিন ভাইয়ের সাথে তার একটা আরামদায়ক হায়েস গাড়িতে সঙ্গী হলাম। সিলেটের সাবেক ছাত্রনেতা বিপুলও আমাদের সাথে। সালাউদ্দিন ভাই যাত্রাপথে গাড়িতে কিছু কাগজপত্র নিয়ে উঠলেন। তার পরিকল্পনা ছিল, প্রায় তিন দিনের ভ্রমণে অন্তত এই কাগজপত্রগুলো দেখা হয়ে যাবে। পড়ে নিবেন।

যাত্রার শুরুতে তিনি আমাদেরকে বললেন আমি কিন্তু গাড়িতে কিছু পড়াশুনা করবো। আশা করি, তোমরা আমাকে ডিস্টার্ব করবেনা। আমরা বললাম, ওকে, আপনি আপনার কাজ করেন। আর আমরা আমাদের কাজ করবো। আশা করি সমস্যা হবে না। কিন্তু পথে পথে এতো মানুষের ঢল নামলো। মানুষকে হাত দেখানো, হাই বলা, ভিড় ঠেলে এগিয়ে যাওয়া, সে কি আনন্দ! এমন অবস্থায় আমি আর বিপুল নিজেদেরকে ধরে রাখতে পারলাম না। সেই আনন্দে আমরাও মাতোয়ারা হয়ে গেলাম।

সালাউদ্দিন ভাই বার বার কাগজগুলো দেখতে চেষ্টা করেও পারছিলেন না। তার উপর আমার এলাকা থেকে এতো ফোন আসছিল! একটার পর একটা কল আসছেইতো আসছেই এলাকার নানা সমস্যা নিয়ে। ওখানে ওকে মারছে তো আরেকজনকে ধরছে। ওর বাড়ি ভাংচুর তো, আরেকজনের দোকান ভাংচুর। এভাবে চালাচ্ছে পুলিশ ও সরকারীদলের হামলা-নির্যাতন। মোবাইলে নেতা কর্মীরা এসব আমাকে জানাচ্ছিল। হয়তো, একটু সান্তনা ও পরামর্শ পাওয়ার আশায়। ফলে এতো কথা আর কথার মধ্যে সালাউদ্দিন ভাইয়ের পড়া গেল জলে। শুধু আফসোস করে বললো, 'তোদের সাথে আমার আসাই ঠিক হয়নি'। আর আমাকে বললো, 'তোমার এলাকায় এতো সমস্যা! কি করে সামলাচ্ছো'? বেচারা এমনিতেই কম কথা বলেন। আর আমাদের দু' জনের অত্যাচারে তার একটু নিদ্রাও যেন হারাম হয়ে গেল!

সালাউদ্দিন ভাই সিগারেট খান, তবে অতিরিক্ত না। আমি আবার অতিরিক্ত খাই, যদিও এখন আমি সিগারেট ছেড়ে দিয়েছি। সালাউদ্দিন ভাই গত একমাস খেতে পেরেছে কিনা যদিও তা আমরা কেউ জানি না। তিনি আবার গাড়িতে সিগারেট খেতে পছন্দ করতেন না। তাই তার সিগারেট খাওয়ার ইচ্ছা জাগলে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আমাকে বলতেন, 'চলো, বাহিরে নেমে সিগারেট খেয়ে আসি'। তারপর বাহিরে দু' জনে সিগারেট খেতে খেতে টুকটাক কথা বলতে বলতে গাড়িতে ফিরে আসা। এভাবেই চললো আমাদের নেত্রীর সাথে রোড মার্চের বহরের যাত্রা। এক ফাঁকে সালাউদ্দিন ভাইকে বলেই ফেললাম, আপনার সাফারিগুলো কোথায় বানান? সামনে কখনো আমিও আপনার এই ডিজাইনের সাফারি পরবো। তিনি 'তাই নাকি?' বলে মুচকি মুচকি হাসলেন। অসাধারণ ছিলো তার মুচকি হাসি। আজও সেই হাসিগুলো আমার চোখে ভাসছে।

এর আগে বগুড়ায় আমরা রাত্রী যাপন করলাম, বগুড়ার সবচেয়ে বড় ও আকর্ষণীয় হোটেলটিতে। কি জানি নাম হোটেলটির, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আমাদের বগুড়ার স্থানীয় নেতা শোকরানা সাহেবের হোটেল। হোটেলে কিছু খোশগল্প করতে করতে আমি, সালাউদ্দিন ভাই, আন্দালিব রহমান পার্থসহ এক টেবিলে এবং পাশের টেবিলে মহাসচিবসহ সিনিয়র নেতারা সবাই মিলে রাতের ডিনার শেষে রুমে গিয়ে কিছু আড্ডা ও রাজনৈতিক আলোচনা শেষে ঘুম দিলাম। এবং পরের দিন সকালে আবার রোড মার্চের যাত্রা শুরু। এভাবেই একসাথেই তিনদিন কাটিয়ে দিলাম লোকটার সাথে। কত কথা মনে পড়ছে আজ! কিন্তু সে নেই এবং আমরা এতোটা দুর্ভাগা যে, আজও জানতেও পারলাম না, সে কোথায়! ইলিয়াস আলী কোথায়! কেমন আছে কিংবা তারা আদৌ জীবিত কিনা।

প্রায় সব শেষে রাজশাহীর জনসভার পর নাটোর আসলাম আমরা রোডমার্চের বহরের সাথে। এরই মধ্যে পথে আমরা কঠিন ক্ষুধার্ত হয়ে গেলাম। যদিও সালাউদ্দিন ভাই অনেক শুকনো খাবার নিয়েছিলেন, আমরাও যার যার মত করে বেশ খাবার নিয়েছিলাম। কিন্তু এখন কোথায় কিভাবে খাবো আমরা? অনেক রাত, হোটেল বা অন্য কোথাও খাওয়ার সুযোগ এবং পরিবেশ কোনটিই নাই। সব এলাকার নেতারাও ব্যস্ততম সময় পার করছে রোডমার্চকে ঘিরে। কি করা পেটের হাহাকার মানছে না আর। এরমধ্যে আমাদের অপর সঙ্গী বিপুল বলে উঠলো, আপনাদের যদি কোন আপত্তি না থাকে, আমি সাধারণ ও স্বল্প পরিসরে খাওয়ার আয়োজন করতে পারি। তখন নাটোর পৌছতে আমাদের বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে। আমরা বললাম, কোথায় কিভাবে সেই আয়োজন হবে? বিপুল বললো, মাফ করবেন! এই মূহুর্তে আমি সেই কথা বলবো না। অনুমতি দিলে আমি এক্ষুনি রান্নার ব্যবস্তা করতে মোবাইলে জানিয়ে দিচ্ছি। আমাদের যাওয়ার পথে রাস্তার পাশেই। সালাউদ্দিন ভাই বললেন, নিরিবিলি ও কেউ না দেখে মত এমন একটা জায়গায় দুটো খাবার ব্যবস্থা হলে হয়। বিপুল মোবাইলে কোথায় জানিয়ে দিলো রান্নার জন্য আমাদের আর বুঝার সুযোগও হলোনা।

নাটোর শহরে পৌছার পর বিপুল আমাদেরকে নিয়ে গেল একবাড়িতে, সুন্দর ও মনোরম এক পরিবেশে অত্যন্ত সুস্বাদু খাবার তারা আমাদেরকে খাওয়ালেন! এতো অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটা ঘটলো যে, আমরা হতবাক হয়ে গেলাম! খাওয়া শেষে জানলাম, ওই বাড়িটি বিপুলের শশুর বাড়ি এবং তার শশুর প্রেসিডেন্ট জিয়ার আমলে নাটোরের এম.পি ছিলেন। তারপর আমাদের শেষ যাত্রায় আমরা ভোররাতে ঢাকায় পৌছালাম। সালাউদ্দিন ভাই আমাদের যার যার বাসায় নামিয়ে দিয়ে তিনি গেলেন তার বাসায়, তখন প্রায় সকাল। কিন্তু ভাই আজ তুমি নাই এটা চিন্তাই করতে পারছি না!

এই সালাউদ্দিন ভাইয়ের সাথে ১/১১ অবৈধ জরুরী সরকারের সময়ে কারাগারে একসাথে কাটানোর অনেক স্মৃতি, অনেক ঘটনা মনে জমে আছে আজ। সংসদে, মন্ত্রনালয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কতো কাজ, কথা ও গল্প এখন শুধুই বেদনা।

ফেইসবুকের জন্য লেখাটি বড় হয়ে গেছে। কারাগার ও অন্যান্য অবস্থানের বর্ননা আজ আর দিলাম না। অন্য একদিন সুযোগ পেলে লিখবো। আরো দেবো ইলিয়াস আলীর সাথের কিছু বর্ননা।

বন্ধুগণ, যেই আবেগ নিয়ে লেখাটি শুরু করেছিলাম, সেভাবে সালাউদ্দিন ভাইকে নিয়ে লেখাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, সরি।

আসিফ ও পাহাড়ের ভূমিপুত্র সম্পর্কিত তার মন্তব্যের প্রতিক্রিয়া


.

গত কয়েকদিন ধরে দেখছি, পাহাড়ের ছেলেরা আমাদের শিল্পী আসিফকে নিয়ে অনেক নেতিবাচক লেখালেখি করছে। যা অনেকটা গালাগালির পর্যায়ে পড়ে। তাই আসিফকে নিয়ে আমার কিছু লেখার কারণ দেখা দিয়েছে বলে মনে করি। এবং আমার এই পোস্টটি সে কারণেই।

শিল্পী আসিফের গান আমার খুব ভালো লাগতো, লাগে। আসলে সে দেশের একজন প্রতিভাবান শিল্পী। এমন ভরাট গলার শিল্পী খুব কমই জন্মেছে আমাদের দেশে।

এখন অবশ্য তার আগের মত করে চাহিদা না থাকলেও ভালো তো সব সময়ই ভালো। প্রতিভাবান কখনো প্রতিভাহীন হয় না। আসিফ আকবরের ক্ষেত্রেও নিশ্চিত এর ব্যতিক্রম ঘটেনি। অবশ্য তিনি ইতোমধ্যে একজন নেতাও বটে।

তবে নেতা হিসাবে না হলেও শিল্পী হিসেবে আমি তার ভক্ত। তার 'প্রিয়া ও প্রিয়া' গানটি আমাকে অনেক টানতো। এখনো বোধহয় কিছুটা টানে। শিল্পী হিসেবে পছন্দ করি বলেই ২০০৩-৪ সালের দিকে তাকে আমি একবার খাগড়াছড়ির পানছড়ি নিয়ে গিয়েছিলাম ওপেন এয়ার কনসার্টে। কিন্তু তার গান শুনার ভাগ্য হয়নি, জমায়েত হওয়া হাজার হাজার দর্শকশ্রোতার। আসিফ যখনই মঞ্চে উঠার জন্য এক পা দিলো, আর তখনই হাজার হাজার মানুষ জান বাঁচাতে দৌড় শুরু করলো! তবে পাহাড়ের কোন অস্ত্রধারীদের আক্রমণে নয়, প্রকৃতিই বাঁধা হয়ে দাঁড়ালো এবার। প্রচন্ড ঘূর্ণিঝড় তছনছ করে দিলো মঞ্চ। কনসার্টের ইনস্ট্রুম্যান্ট রক্ষা ও শিল্পীদের তাদের অচেনা জায়গায় রক্ষা করতে আমরা রীতিমতো ব্যস্ত সমস্ত। তার উপর আপন জান নিয়েই তখন টানাটানি। এমনি এক অবস্থার মধ্য দিয়ে আমরা কনসার্ট না করেই পানছড়ি থেকে খাগড়াছড়ি জেলা শহরে ফিরে আসলাম। আসিফের সাথে কথামতো তার মোটা অংকের সম্মানী প্রদান শেষে আসিফ ও তার দলকে সরকারী আধুনিক রেষ্ট হাউজে থাকার ব্যবস্থা করলাম। অবশ্য ইতোমধ্যে প্রকৃতি হয়ে গেল শান্ত, কিন্তু শ্রোতাদের মন হয়ে উঠলো অশান্ত। আসিফের গান শুনার আগ্রহ আমাদের থামলো না। আয়োজকদের পক্ষ থেকে আসিফকে অনুরোধ করা হল, স্বল্পপরিসরে হলেও টাউন হলে বা রেষ্টহাউজ মিলনায়তনে সে যেন আয়োজকদেরকে গান শুনায়। আয়োজকদের ধারনা ছিলো, যেহেতু তাকে তার সমস্ত সম্মানী দেওয়া হয়েছে, নিশ্চয় সে গান শুনিয়ে যাবে। কিন্তু না! তিনি সবাইকে হতাশ করে জানিয়ে দিলেন গান গাইবেন না। তবে তার বিবেচনায় এটা কিন্তু আসেনাই, গান যেহেতু গাইতে পারিনাই, সেহেতু আয়োজকদের থেকে সব টাকা নেয়া কি ঠিক হচ্ছে? যাক ওটা তার পেশা, না গাইলেও টাকা নিতে দোষ কি!

এভাবে আসিফকে আমার চেনা। অবশ্য ইতোমধ্যে শুনলাম তিনি নাকি কুমিল্লার নেতাও হয়েছেন। খুব ভালো এবং খুশীর খবর। শিল্পি কাম নেতা ভারতে থাকলেও আমাদের এখানে ঠিক সেভাবে নাই। তাই তাকে স্বাগতম। তাছাড়া তিনি আমাদের একই দলেরই মানুষ হওয়াতে তার ক্ষেত্রে আমরা একটু বেশি ইতিবাচক, এতে কোন সন্দেহ নেই।

আমি আসিফ সাহেবকে অনুরোধ করবো, বড় শিল্পী বা নেতা হওয়া আর ইতিহাসবিদ বা বুদ্ধিজীবী হওয়া এক নয়। পাহাড়ের কেউ বন্ধু হলেই যে তাকে ভূমিপুত্রের সার্টিফিকেট দিতে হবে এই ধারনা আপনি কোত্থেকে পেলেন? সব বন্ধুরা কি বোনজামাই হতে পারে? আমার মনে হয়, এসব নিয়ে কথা বলার আগে ভূমিপুত্রের ঐতিহাসিক ব্যাখ্যা জানা দরকার। পাহাড় তো বাংলাদেশেরই অংশ বা উঠোন। এই দেশের ভূমিপুত্র যদি আপনার বন্ধুই হয়, তবে আপনিসহ আমরা সবাইতো পরপুত্র হয়ে যাই, কথাটা কি ভেবেচিন্তে বলেছেন? নাকি টিনেজারদের আবেগপ্রবণ ভালোবাসার বাক্যালাপের মত বলে ফেলেছেন? যেহেতু আপনি একজন বড় শিল্পী এবং নেতাও, তাই আমি আপনাকে অনুরোধ করবো স্পর্শকাতর ও জাতীয় ইস্যুভিত্তিক বিষয়গুলোতে কথা বলতে একটু হিসেব করে বলতে। অন্ততপক্ষে পাহাড়ের ক্ষেত্রে তো বটেই।

[সম্প্রতি আসিফ তার ফেসবুক পেইজে পাহাড়ের ভূমিপুত্রদের নিয়ে মন্তব্য করেছেন। পরে ক্রমাগত সমালোচনার মুখে নিজের মন্তব্য ওই পোস্ট থেকে সরিয়ে ফেলেছেন।]

হেঁয়ালি কবি!


.

কবি আজকাল যা লিখছেন, তা পড়ে আমার ভালো লাগে। আর ভাবি, এগুলো কি কবির আসল কথা? না কবির লেখার চরিত্রগুলোর জন্য এই সংলাপগুলোর জন্ম দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে?

আজকাল দেখছি, কবি আবার চিরন্তনী ভালবাসার কথাও বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, এগুলো কি কবির নিজের ভালবাসার গল্প? না শুধু কবিতার প্রয়োজনেই এসব ভালবাসার কথামালার জন্ম?

বুঝা যায় না! কবি আজকাল অনেক শক্ত শক্ত কথা দিয়ে কবিতা লিখেন, কঠিন সব কবিতা! কিন্তু যদি কবিতার কথাগুলো কবির নিজের কথাই হয়ে থাকে তবে কি কবি আগের জায়গায় থেকে বলছেন? না নতুন মানুষ, নতুন স্থান কাল নিয়ে লিখছেন? মাঝে মাঝে পড়ে মনে হয়, কবি নতুন জায়গা, নতুন মানুষ নিয়ে ধ্যানযোগে আছেন। আবার ভুল করে মনে হয়, না, কবি সাবেক মানুষকে নিয়েই পুরানো সব দিনের কথা বলছেন। বুঝি না বাপু! কবি কোন দিকে তাকিয়ে যত্তোসব ডায়লগ দিয়ে যাচ্ছেন।

হে প্রভু শক্তি দাও মোরে, জ্ঞান দাও মোরে বুঝিবার তরে, কবি চাহিয়াছে কি হে!!

তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং আওয়ামী গাত্রদাহ


.

বাংলাদেশের জন্মের পর থেকেই এর রাজনৈতিক ইতিহাস নিয়ে করা হয়েছে অগণিত মিথ্যাচার। মুক্ত তথ্য প্রবাহের এই যুগে প্রতিটি পদে পদে বাংলাদেশের সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত এই দেশের প্রতি জিয়াউর রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অবদানকে মুছে দিতে তথ্য সন্ত্রাস চালিয়েছে একটি দল। ইতিহাস বিকৃতি, জিয়ার অবদান মুছে ফেলা, ইতিহাসের বিকৃত সংস্করণ সৃষ্টি, জাতীয় বীরদের বিরুদ্ধে অপপ্রচার, বিভিন্ন মিমাংসিত বিষয় নিয়ে একের পর এক অপব্যাখ্যা, নিজেদের মতো করে ইতিহাস রচনা, নিরপেক্ষতাবোধ থেকে অনেক দূর সরে যাওয়া, সর্বোপরি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম বিষয় মুক্তিযুদ্ধকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে যে দলটি, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে থাকলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায় আর তাদের সাথে ভিন্নমত পোষণ করলে মুক্তিযোদ্ধাকে বানিয়ে ফেলা হয় রাজাকার। তার সাম্প্রতিকতম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ.কে খন্দকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ট বাস্তব সত্য প্রকাশ করায় তাকে রাজাকার ও আইএসআই’র চর বলতেও দ্বিধা করেনি আওয়ামী নেতারা। অথচ এ.কে খন্দকার তাদের গত সরকারেও মন্ত্রী ছিলেন। সাম্প্রতিক কিংবা ঐতিহাসিক, প্রতিটি প্রেক্ষাপট বিকৃত করে প্রচার করতে তাদের জুড়ি নেই। সে সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্বয়ং শহীদ জিয়া পুত্র তারেক রহমান। তিনি বাংলাদেশের ইতিহাসে চাপা পড়া অনেক বিষয় তুলে এনে যুক্তিতর্ক দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন, যেটি অনেকের গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। কিন্তু তারেক রহমানের সেসব যুক্তি জাতির ভালোভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করার এখনই সময়। তিনি ইতিহাসের কিছু বাস্তব ও কঠিন সত্যকে সামনে নিয়ে এসেছেন। আওয়ামী প্রোপাগান্ডা মেশিন সবসময় যে জিনিসটি করে থাকে, সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততা প্রমানের ব্যর্থ চেষ্টা চালানো। এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ডের সুবিধাভোগী অর্থাৎ বেনিফেসিয়ারি নাকি জিয়াউর রহমান। তাঁর যুক্তি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবাদেই সেনাপ্রধান হয়েছিলেন জিয়াউর রহমান! অথচ জিয়াউর রহমান যে বহু চড়াই উতরাই পার করে ইতিহাসের এক বাস্তবতায় জনগণের কান্ডারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন, এই জিনিসটি শেখ হাসিনা সবসময় এড়িয়ে যান। শেখ মুজিব হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি কারা, এ সম্পর্কে তারেক জিয়া বলেছেন, ১৯৭৫ সালে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মোশতাক গঠন করেন মন্ত্রীসভা। শেখ মুজিবের মন্ত্রীসভার প্রায় সকলেই মোশতাকের মন্ত্রীসভায় শপথ নেন। এর অর্থ কী দাঁড়ায়? শেখ মুজিব হত্যাকাণ্ডের এক নম্বর বেনিফিসিয়ারি স্বয়ং আওয়ামী লীগই। ঘটনার আবর্তে মনে হচ্ছিল, এখানে বাকশালের বিপক্ষে মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগই যেন অবস্থান নিয়েছিল। এমনকি সেই মন্ত্রীসভা কিংবা শপথ অনুষ্ঠানে আনন্দের সাথে যারা উপস্থিত ছিলেন, তাদের অনেকেই আওয়ামী নেতৃত্বাধীন গত ও বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছেন।



বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই অর্থাৎ ১৫ আগস্ট আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাকই সারাদেশে সামরিক আইন জারি করেন। ঐ সময় সেনাপ্রধান ছিলেন শফিউল্লাহ। শহীদ জিয়া সেই সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। এখানেও আওয়ামী লীগের একটি প্রচারণার জবাব রয়েছে। আওয়ামী অপপ্রচারযন্ত্র দাবি করে, জিয়াউর রহমান নাকি দেশে সেনাশাসন জারি করেছিলেন। মোটেই তা নয়। বরং খন্দকার মোশতাকই দেশে সেনাশাসন জারি করে গিয়েছিলেন। এমনকি শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে মোশতাকের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানেও যাননি জিয়াউর রহমান। শেখ মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের যদি ন্যুনতম সম্পৃক্ততা থাকতো, তাহলে তিনি মোশতাকের শপথ অনুষ্ঠানে যেতেন। অথচ সেদিন বিজয়ীর বেশে সে শপথ অনুষ্ঠানে গিয়েছিল তাহের-ইনু বাহিনী, বর্তমান সরকারদলীয় বেশ কয়েকজন নেতা এবং শেখ মুজিবুর রহমানের সেনাপ্রধান শফিউল্লাহ সহ তৎকালীন আওয়ামী লীগের নেতারা। এমনকি তৎকালীন আওয়ামী লীগের শীর্ষ নেতা মালেক উকিল শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বলেছিল, জাতি আজ ফেরাউন-মুক্ত হলো। বর্তমান তথ্যমন্ত্রী ও তৎকালীন জাসদ নেতা হাসানুল হক ইনুও সেদিন বিদেশী মিডিয়ায় হত্যাকাণ্ডের স্বপক্ষে অনেক বক্তব্য রেখেছিল। সেসবের প্রমাণ এখনও আছে। শেখ মুজিবকে মৃত্যুর পরও নগ্নভাবে আক্রমন করেছিল ইনু। সেদিনকার সেই ইনুই আজকের অবৈধ প্রধানমন্ত্রীর অত্যন্ত খাস লোক, এমনকি দুইবার তিনি তথ্যমন্ত্রীর পদও অলংকৃত করেছেন! ইনুর গুরু কর্নেল তাহের মুজিব হত্যাকাণ্ডে জড়িতদের সাথে বঙ্গভবনে গিয়ে দেখাও করে এসেছিল। এমনকি শেখ মুজিবকে কবর না দিয়ে সমূদ্রে ফেলে দেয়া উচিৎ ছিল বলে মত দিয়েছিল জাসদের সেই কর্নেল তাহের। সম্প্রতি সেসব তথ্যই উঠে এসেছে সাবেক এক জাসদ নেতা মহিউদ্দীন আহমেদের বইয়ে। সেই বইয়ে প্রদত্ত তথ্যকে উদ্ধৃত করে তারেক রহমান বলেছেন, শেখ মুজিব যেদিন নিহত হন, অর্থাৎ ১৫ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার কথা ছিল তাঁর। কর্নেল তাহেরের ছোটভাই, তৎকালীন ঢাকা নগর গণবাহিনীর প্রধান ও বর্তমানে আওয়ামী পদলেহনকারী শিক্ষক আনোয়ার হোসেন ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের আগমন বাঁধাগ্রস্থ করতে বোমা বিস্ফোরন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অংশ নেয়া এক সেনা কর্মকর্তা তখনও কেন সামরিক আইন ঘোষণা করতে পারলো না, সেজন্য তাকে তিরস্কার পর্যন্ত করেছিলেন কর্নেল তাহের। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে হত্যা যারা করেছে, তাদের সাথে জড়িত থাকার ও প্লট সৃষ্টি করার সমূহ সম্ভাবনা রয়েছে এই জাসদ তথা গণবাহিনীর। কর্নেল তাহের সেদিন সেই সেনা কর্মকর্তার কাছে বেশ গর্বের সাথে দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট যারা বোমা বিস্ফোরণ করেছিল, তারা তার দলের সদস্য ছিল। বঙ্গবন্ধুকে সরাসরি হত্যা যারা করেছিলো, তাদের চেয়েও বড় অপকর্ম সুযোগ পেলেই এই জাসদ করতো, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এ সম্ভাবনা অনুধাবন করে শেখ মুজিবুর রহমান তিনটি ট্যাংক নামিয়েছিলেন এই জাসদের বিরুদ্ধে - এই তথ্যই দিয়েছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দীকি। পরবর্তীতে খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিল কর্নেল তাহের, তার তৎকালীন সহযোগী ও বর্তমান অবৈধ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আরেক বর্তমান ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। শুধু তা-ই নয়, মুজিব-বিরোধী আরেক জাসদ নেতা শাহজাহান খান আজ এই সরকারের মন্ত্রীসভায় আছে। মুজিবের চামড়া খুলে ডুগডুগি বাজানোর ইচ্ছা পোষণ করা মতিয়া চৌধুরী আজ এ সরকারের কৃষিমন্ত্রী। একই সঙ্গে মোশতাক সরকারের ক্যাবিনেট সেক্রেটারি এইচটি ইমাম আজ শেখ হাসিনার মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। মানুষ ক্ষমতার জন্য কতটুকু পাগল হলে, নিজের সমস্ত পরিবারের হত্যাকারী কিংবা হত্যার প্লট সৃষ্টিকারী অথবা সে হত্যায় উল্লাস প্রকাশকারীদের সঙ্গে হাত মিলিয়ে সহাবস্থান করতে পারে? ক্ষমতার জন্য কতটুকু উন্মাদ হলে মানুষ ক্ষমতা রক্ষার স্বার্থে নিজের পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যদের হত্যাকারী কিংবা হত্যায় সমর্থনকারীদের সঙ্গে হাত মেলাতে পারে? অথচ শেখ হাসিনার রাজনীতির ভিত্তিই হচ্ছে ১৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং সে ১৫ আগস্টের ঘটনাপ্রবাহকে পুঁজি করেই তিনি এখন পর্যন্ত ফায়দা নিচ্ছেন। তিনি ১৫ আগস্টের কথা বলতে বলতে কুম্ভিরাশ্রু বর্ষণ করেন, কিন্তু নিজের পাশে রেখেছেন ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সহযোগী শক্তিকে।

শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আরো কমপক্ষে দশ দিন,অর্থাৎ ২৪শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহই ছিলেন সেনাপ্রধান। রাষ্ট্রদূত হিসেবে মোশতাকেরই অধীনে সরকারি চাকুরী কনফার্ম করার পর সেনাপ্রধানের পদ ছাড়েন শফিউল্লাহ। এরপর সেনাবাহিনীর বিধি অনুযায়ী যথানিয়মে ডেপুটি চিফ অব স্টাফ থেকে প্রমোশন পেয়ে ২৫ শে আগস্ট সেনাপ্রধান হন জিয়াউর রহমান। তখন সেনাপ্রধানের পর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা ছিলেন জিয়া। সঙ্গত কারণে, শফিউল্লাহ অবসর নেয়ার পর তিনিই হবেন সেনাপ্রধান, এটাই স্বাভাবিক রেওয়াজ। কিন্তু আওয়ামী লীগের প্রচারটি অনেকটা এমন যে, জিয়াউর রহমান যেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিসিয়ারি হিসেবে গায়ের জোরেই সেনাপ্রধান হয়েছেন। অথচ কেবলমাত্র সেনাবাহিনীর জ্যোষ্ঠতার নীতিতেই সেনাপ্রধান হয়েছিলেন তিনি। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর রক্ষীবাহিনীর প্রভাবমুক্ত একটি শক্তিশালী পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন শহীদ জিয়া। কিন্তু ক্ষমতার মোহে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ভেতরে ভেতরে জিয়াউর রহমানকে সরানোর চক্রান্ত শুরু করেন। চক্রান্তের অংশ হিসেবে খালেদ মোশারফ ১৯৭৫ সালের ২রা নভেম্বর সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করেন। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মোশতাকের অনুমোদন নিয়ে মেজর জেনারেল হিসেবে নিজেই নিজের প্রমোশন নেন ও সেনাপ্রধান বনে যান। এরপর প্রশাসন চলে খালেদ মোশারফের ইশারায়। ১৯৭৫ সালের ৫ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোশতাক। তার আগে মোশতাক এবং সেনাপ্রধান খালেদ মোশারফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন ৬ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফেরার দুই দিন পর ১২ জানুয়ারী সায়েমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন শেখ মুজিবুর রহমান। এখানে কিছু কথা উল্লেখ না করলেই নয়। শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী। শুধু তা-ই নয়, স্বাধীনতা যুদ্ধের আগে যে ৭ মার্চের ভাষণের মধ্যে দিয়ে মুজিব কতৃক স্বাধীনতা ঘোষণার দাবি করে আওয়ামী লীগ, সে ভাষণেই শেখ মুজিব বক্তব্য শেষ করেছিলেন ‘জিয়ে পাকিস্তান’ বলে। ৭ মার্চের ভাষণে যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইঙ্গিত দিয়েই থাকেন, তাহলে তিনি তাঁর বক্তব্য ‘জিয়ে পাকিস্তান’ বলে শেষ করেছিলেন কেন? যে বক্তব্যে পাকিস্তানের জয় কামনা করা হয়েছে, সেখানে কী করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিহিত থাকতে পারে? মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও আওয়ামী লীগের সদ্য সাবেক মন্ত্রী এ.কে খন্দকার, সাবেক প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা ও আওয়ামীপন্থী বুদ্ধিজীবী হাবিবুর রহমান, প্রখ্যাত বামপন্থী লেখক আহমদ ছফা সহ আরও বহু লেখকের বইয়ে ‘জিয়ে পাকিস্তান’ বলা বিষয়ক তথ্যের উল্লেখ আছে। তারাও মনে করেন না, শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা দেয়া কিংবা মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল। এদিকে মোশতাক-শফিউল্লাহর জারি করা সামরিক আইন বহাল থাকায় রাষ্ট্রপতি সায়েম একাধারে প্রধান সামরিক আইন প্রশাসকেরও দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলের মধ্যে সংঘটিত হয় ৪ নেতা হত্যাকাণ্ড। তখন জিয়াউর রহমান জেলে বন্দি। আবার ৬ নভেম্বর পাল্টা ক্যু’তে নিহত হন খালেদ মোশারফ। তখনও জিয়া ছিলেন জেলে বন্দি। এতে প্রমাণিত হয়, উপরের দুইটি ঘটনায়ও জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল না। ৭ নভেম্বর সংঘটিত হয় সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব। জিয়াকে বের করে আনা হয় বন্দীদশা থেকে। ১৯৭৭ সালের ২০ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপ্রতি ও সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সায়েম। এ সময়কালে জিয়া ছিলেন সেনাপ্রধান এবং উপ-প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ সালের ২০ এপ্রিল প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন বিচারপ্রতি সায়েম। এরপর প্রেসিডেন্ট এবং উত্তরাধিকারী হিসেবে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সামরিক শাসন জিয়াউর রহমানের সৃষ্ট ছিল না, আওয়ামী লীগ নেতা মোশতাকের সৃষ্টি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বরং তিনি সামরিক আইন প্রত্যাহার করে নেন।

১৯৭৮ সালের ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হবার গৌরব অর্জন করেন প্রেসিডেন্ট শহীদ জিয়া। ঐ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১০ জন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ২০৭টি আসন লাভ করে বিজয়ী হয়। সে নির্বাচনে আওয়ামী লীগও অংশ নিয়ে ৫৪টি আসন লাভ করে। নির্বাচনে মোট ২৯টি দল অংশ নেয়। সুতরাং জিয়াউর রহমানই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ মোহাম্মদউল্লাহ, খন্দকার মোশতাক আহমেদ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম – এদের কেউই নির্বাচিত ছিলেন না। কেবলমাত্র জিয়াউর রহমানই ছিলেন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি।

তারেক রহমান ইতিহাসের আরেক সত্যও উপস্থাপন করেছিলেন। জিয়াউর রহমান কেবল বাংলাদেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টই নন, তিনি বাংলাদেশের প্রথম ও সূচনালগ্নের প্রেসিডেন্টও বটে। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সময় জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট হিসেবেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরপর ১৭ এপ্রিল গঠিত হয় মুজিবনগরের অস্থায়ী বাংলাদেশ সরকার। সেখানে শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট ঘোষণা দেয়া হয়। প্রশ্ন হলো, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিন থেকে ১৭ এপ্রিল মুজিবনগর অস্থায়ী সরকার গঠিত হবার সময় পর্যন্ত এই ২২ দিন বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন? একটি দেশের স্বাধীনতা ঘোষণার দিন থেকে, সে দেশের একজন রাষ্ট্রপ্রধান থাকা আবশ্যক। সে বাস্তবতায় স্বাধীনতার ঘোষণা দেবার সময় নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করার মাধ্যমে প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষকের সাথে সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের মর্যাদা লাভ করেন। এটিই ইতিহাসের আসল সত্য।

জিয়াউর রহমান শেখ মুজিবুর হত্যাকাণ্ডে জড়িতদের দায়মুক্তি দেয়ার জন্য ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেননি। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডিমনিটি অধ্যাদেশ জারি করেছিল মোশতাক সরকার। জিয়াউর রহমান এমনকি যুদ্ধাপরাধ সশ্লিষ্ট বিচারের জন্য সৃষ্ট দালাল আইনও বাতিল করেননি। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, যে কিনা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন শেখ মুজিব কর্তৃক।

তারেক রহমানের অত্যন্ত কঠোর সে সকল যুক্তির বাস্তবতা মেনে নিতে আওয়ামী নেতাদের কষ্টের যথেষ্ট কারণ রয়েছে, সেটি সহজেই অনুমেয়। কেননা আওয়ামী লীগের এতদিন ধরে গড়ে তোলা মিথ্যা ও ইতিহাস বিকৃত প্রচারণাগুলো তিনি নিমিষেই ভেঙ্গে দিয়েছেন ইতিহাসের বাস্তব, কঠিন সত্যসমূহ জনসম্মুখে তুলে এনে। তাই আওয়ামী লীগের নেতারা অতীতের মতো জিঘাংসায় তারেক জিয়ার বিরুদ্ধে কুৎসিত, কুরূচিপূর্ন ও অশালীন ভাষায় কটাক্ষ করতে ন্যুনতম নৈতিক শালিনতা বিবর্জিত শব্দ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল আহমেদ প্রথমবার মন্ত্রীত্ব না পেয়ে যখন হতাশায় জর্জরিত, দ্বিতীয়বার তাই নেত্রীর পদলেহন করতে ভুললেন না। নিজের বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা ও শিষ্টাচার বর্জন করে নিজের মন্ত্রীত্ব ঝুঁকির মধ্যে না ফেলতে তিনি নেত্রীকে খুশী করায় ব্যস্ত হয়ে পড়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তারেক রহমানের যুক্তিযুক্ত বক্তব্যগুলোর জবাব দেয়ার সাহস না দেখিয়ে, তাকে ব্যাক্তিগত আক্রমনের দিকেই ঝুঁকেছেন। এমনকি গলার রগ ফুলিয়ে তিনি মুখ থেকে কদর্য কিছু শব্দ ব্যাতিত যৌক্তিক কিছুই বের করেননি। তিনি তারেক রহমানকে ‘অমানুষ’ ও ‘কুলাঙ্গার’ বলে আক্রমণ করেছেন। কিন্তু তোফায়েল আহমদ মাত্র কয়েকদিন আগেই বলেছিলেন, কুলাঙ্গার তারাই বলে, যারা নিজেরা কুলাঙ্গার। সে হিসেবে তারেক রহমানকে কুলাঙ্গার বলার মধ্য দিয়ে তিনি নিজেই কুলাঙ্গার হয়ে গেলেন কিনা, আমরা সেটা বলতে চাই না। শেখ মুজিব নিহত হবার পর যে সকল ব্যাক্তিরা নগ্ন উল্লাস প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম মতিয়া চৌধুরী আজ শেখ হাসিনার মন্ত্রীসভার সদস্য। তারেক রহমানকে ‘লম্বা কথা’ না বলার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়। তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট-এর পুত্র তথা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি’র ভবিষ্যৎ পুরোধা যে তারেক জিয়া, তাকেই ‘অর্বাচীন’ বলে আক্রমণ করেছে অবৈধ স্বাস্থ্যমন্ত্রী নাসিম। কালোবিড়াল খ্যাত এক নেতা আবদার জানিয়েছেন তারেক রহমানের বক্তব্যের জন্য ‘ক্ষমা চাইতে’। নব্য আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ সেলিম বললেন ‘বেয়াদব’। ‘উন্মাদ’ বললেন হাইব্রিড নেতা খ্যাত হানিফ। এর ফলেই মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগের মোক্ষম জায়গায় আঘাত হেনেছেন। বাংলাদেশ নামক দেশটির ইতিহাস নিয়ে ছেলেখেলা করার বিরুদ্ধে তিনি আঘাত করে ফেলেছেন। সেটিই আওয়ামী লীগের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারেক রহমানের উদ্দেশ্যে একের পর এক ব্যাক্তিগত আক্রমণ করে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা। কিন্তু আমাদের সেসবের জবাব দিতে হবে। তবে অবশ্যই তাদের মতো গালিগালাজ করে নয়, যুক্তি ও ইতিহাস ভিত্তিক প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে।


ওয়াদুদ ভূইয়া
সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

টার্নিং পয়েন্ট ও নাটকীয়তার বলি নুরুল ইসলাম ফারুকী?


.

আজ রাত তখন প্রায় নয়টার বেশী, সাবেক এক মন্ত্রী, একজন সাংবাদিক বন্ধু ও আমি বসে চা নাস্তার ফাঁকেফাঁকে আলোচনা করছিলাম, সাবেক এক মন্ত্রী মহোদয়ের বাসায়। হঠাৎ করে মন্ত্রী সাহেব টিভিতে চোখ রেখে আমাদের উদ্দেশ্যে বললেন, দেখো দেখো! আমরা তখন টিভি স্ক্রলের শিরোনামে দেখলাম চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান 'কাফেলা'র উপস্থাপক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নুরুল ইসলাম ফারুকীকে অজ্ঞাত কিছু সন্ত্রাসী তার নিজ বাসায় ঢুকে গলাকেটে হত্যা করেছে।

নিউজটি পড়ে আমরা নির্বাক হয়ে থাকলাম কিছুক্ষন। কোন হিসাবই আমাদের মিলছে না। কেন, কারা তাকে হত্যা করতে পারে? টিভি থেকে এর বেশী খবর তখন দিতে পারছে না, বুঝাই যাচ্ছিল। আমারা দ্রুত অনলাইলে ঢুকলাম, কিন্তু এর বেশী খবর তখন অনলাইনেও আসে নাই। দীর্ঘক্ষন আমরা আর অন্য কোনো আলোচনায় যেতে পারলাম না। কারণ সাবেক মন্ত্রী মহোদয় বারবার আফসোস করছিলেন আর বলছিলেন, আহা লোকটা বিশ্বের দুর্লভ ইসলামিক ও মুসলিমদের ঐতিহাসিক স্থান সমূহের ছবিগুলো দেখাতো টিভিতে। দেখে অনেক ভাল লাগতো।

এক পর্যায় তিনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কী মনে হচ্ছে? এই হত্যাকান্ডের সাথে কারা জড়িত থাকতে পারে? (আগেই বলে রাখলাম, আমি জানিনা ভুল বলেছি কিনা, ভুল বললে ক্ষমা করবেন পাঠক) আমি কোনোরুপ সময় না নিয়েই বললাম, এতে সরকার জড়িত থাকতে পারে! তিনি বললেন, তাতে সরকারের কী লাভ? আমি বললাম, আমার মনে হচ্ছে সরকার তাদের পতনের শব্দ শুনতে পাচ্ছে, তাই তাদের আরেকটা নাটকীয় ঘটনা ও টার্নিং পয়েন্ট দরকার এবং সেই ঘটনা ও পয়েন্ট বোধহয় এটা!!

সরকারই এই নিরপরাধ ধর্মীয় লোকটাকে বেঁচে নিয়েছে এবং তাকে বলি দিয়েছে। কারণ সরকার বোধহয় আরেকবার পশ্চিমাদের ও ভারতকে বুঝাতে চাচ্ছে বাংলাদেশে মৌলবাদ সত্যিই আছে এবং তা পরিনত হতে পারে জঙ্গিবাদে , যদি এদেশে তাদের মত দল ও সরকার ক্ষমতায় থাকতে না পারে। তাই এমন জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হলে বাংলাদেশে আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখতে হবে এবং থাকতে হবে। তা জরুরী, এটি বুঝানোর জন্যই সরকার এই কাজটি করে থাকতে পারে।

আমি আরো বললাম, নিকট অতীতে তাকিয়ে দেখুন হঠাৎ করে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে চলে আসলো কোন বাধা ছাড়াই, নির্বিঘ্নে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ আসলো কিন্তু তারা জানতো না, হেফাজতের ওই আন্দোলনের ভেতরের কারণ কি! আসলে সরকার হেফাজতের ওই আন্দোলনটা তৈরী করে আবার নির্বিচারে গুলি করে মাওলানা মেরে পশ্চিমাদের বুঝাতে চেয়েছে দেখুন আপনারা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘঠেছে এবং তা একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব দমন করা, আর বাকীরা সবাই জঙ্গিদের সাথে জড়িত বা উস্কানি দাতা। কারণ একটু খেয়াল করলেই দেখবেন আজকের অবৈধ সরকারের পুরষ্কার প্রাপ্ত জাতীয় পার্টির মন্ত্রী আনিসুল হক মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ কয়েকজন হেফাজতের নেতাদের সাথে সরকারের পক্ষে গোপন শলা-পরামর্শ করেই হেফাজতের হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে ঢাকায় নিয়ে আসে এবং সারা দুনিয়াকে দেখাতে চেয়েছে দেখো তোমরা, এদেশে হাজার হাজার টুপি ওয়ালা দাঁড়ি ওয়ালা এই মানুষগুলোই হচ্ছে জঙ্গি, আর আমরা আওয়ামী সরাকারই রাত জেগে তাদেরকে নিপাত করছি। মজার ব্যাপার হলো, সেই হেফাজত নিপাত জজ্ঞের প্রামাণ্য চিত্র (ভিডিও) সেই কালো রাত শেষ হওয়ার পর পরই সরকার সারা দুনিয়ার কাছে পাঠিয়ে দেয়। আরো খেয়াল করুন হেফাজতের সাথে শেষ দফারফা (মিমাংসা) করার বিষয়টিও ওই একই মন্ত্রীরাই করেছিল!!!

আমার সন্দেহ আরো ঘনিষ্ট হচ্ছে সেখানেই, যেখানে মাওলানা ফারুকী হত্যাকান্ডের পর পরই রাত ১২ টার মধ্যেই সরকার সমর্থক ইসলামিক দলগুলো আগামী রবিবার সারাদেশে হরতাল ঘোষনা করে এবং তারা কোন প্রকার তদন্তের আগেই জামায়াতে ইসলামিকে এই ঘটনার জন্য দায়ী করে। এবং খেয়াল করুন এই ঘটনার মাত্র দু'দিন আগেই সরকার প্রধানের পালিত ও সংসদে ঘোষিত আশ্রিত শামিম ওসমান বলেছেন "বিএনপি জামায়াতকে দমন করার জন্য সে একাই যথেষ্ট" পাশাপাশি এ ঘটনার পরপরই খুব স্বল্প সময়ের মধ্যেই কর্মসুচি এসেছে এবং সরকারের পালিত মিডিয়াগুলোতে শ্যামল বিদ্রোহীরা জঙ্গিবাদের গন্ধ পাচ্ছে, বিষয়গুলোকে পরিকল্পিতই মনে হচ্ছে, আরো মনে হচ্ছে সব কিছুই যেন সাজানো।

এখন দেখার ও বের করার বিষয়, এই ইসলামিক চিন্তাবিদ হত্যাকান্ড ও এর প্রতিবাদে সরকারের পালিত ইসলামিক দলগুলো দিয়ে হরতাল ডাকার মধ্যে সরকার কতটা জড়িত।

আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দুনিয়ায় বারে বারে, যুগে যুগে স্বৈরাচারী সরকারগুলো তাদের অবৈধ ক্ষমতা রক্ষার জন্য এমন অনেক অপকৌশল নিয়ে থাকে কিন্তু তা কখনও কখনও আত্নরক্ষার পরিবর্তে আত্মনাশ হয়ে যায়, চোখ রাখুন দৃশ্যপটে, সঠিক উত্তর পেলে পেতেও পারেন।

মন্ত্রী ওবায়দুল কাদেরকে বলছি


.

মন্ত্রী ওবায়েদুল কাদের, আপনাকে বলছি, আপনি ও আমি একসাথে অনেকদিন কারাগারে একই কক্ষে ছিলাম।

যে তারেক এ দেশের নন্দিত নেতা, যার বাবা ছিলেন খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ও রাষ্ট্রনায়ক। অন্যদিকে যার মা একাধিকবার এ দেশের সফল প্রধানমন্ত্রী ছিলেন। যার জন্য এ দেশের লক্ষ-কোটি ছাত্র-যুবক জীবন দিতেও এক মিনিট চিন্তা করবে না। সেই তারেক রহমানকে আপনি চ্যালেঞ্জ দিয়ে আজ বলেছেন, "সাহস থাকলে দেশে আসুন"। তারেক রহমানকে 'কাপুরুষ'ও বলেছেন। আপনার মত একজন সুপুরুষ নেতার মুখে এমন কথা যায় না। আমি জানতাম, আপনি একজন পরিপক্ক্ব ও মাঠ থেকে উঠে আসা নেতা। কিন্তু আপনি একি বললেন?

আপনি কারাগার থেকে বের হয়ে বলেছিলেন, "এটি কারাগার নয়, পাঠশালা। আর এখান থেকে অনেক শিক্ষা নিয়ে বের হয়েছি"। তাহলে আপনি কোন পাঠশালার শিক্ষা তারেক রহমানের উপর ছাড়লেন?

আপনি ভুলে গেছেন, পুলিশ দিয়ে, অন্যায়ভাবে আরোপিত আইন দিয়ে দেশে আসতে দিচ্ছেন না আপনারা তারেক রহমানকে। আপনারা হাতে বন্দুক উঁচিয়ে রেখেছেন, আর তাঁকে বলছেন খালি হাতে আসতে এবং তাঁর জন্য দীর্ঘমেয়াদে কারাগার খোলা রেখে। আপনার অবৈধ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত সরকারের সকল অপশক্তি তাঁর বিরুদ্ধে ব্যবহার করে, তাঁকে বলছেন, "সাহস থাকলে দেশে আসতে"? হ্যাঁ, তিনি আসবেন। এ দেশের কোটি কোটি মানুষের ভালবাসার অহিংস অস্ত্র নিয়েই আসবেন। যে অস্ত্রের মোকাবেলা করার কোন প্রকার অস্ত্রবলই এখন আর নাই আপনাদের। আপনি সুপুরুষ হয়ে থাকলে ঠেকান, আমরা আংগুল চুষবো।

আর কেউ না জানুক, আপনি তো জানেন, যেই জরুরি অবৈধ সরকার আপনাকে গায়ে হাত দিয়ে নির্যাতন করেছিল, আপনার গলার চেইন ছিড়ে আপনাকে টর্চার করেছিল এবং অবশেষে যারা আপনাদেরকে ক্ষমতা দিয়ে নিরাপদে প্রস্থান নিয়েছিল, সেই আপনাদেরই পূর্বসূরী অবৈধ ১/১১'র জরুরী সরকারকে দিয়ে আপনার নেত্রী যে তারেক রহমানকে মারাত্বকভাবে আহত করিয়ে শর্ত দিয়ে চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠিয়েছেন, যে তারেক দেশে আসবে - এটি চিন্তা করতেই আপনার নেত্রী দিশেহারা হয়ে যায়, সেই তারেক রহমানকে আপনি কী করে চ্যালেঞ্জ দিলেন? আমার ভাবতে অবাক লাগে!

আমি জানি, আপনি ফেসবুকে আছেন এবং আমার ফ্রেন্ডলিষ্টেও আছেন। তাই আমি আপনাকে ফেসবুকেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা খালি হাতে, সরকারি ক্ষমতা ও গুলি-গ্রেফতার মাত্র ৭ দিনের জন্য বিরত রেখে আসুন, এ দেশে তো নয়ই, লন্ডনস্থ গলিতেও আপনাদের স্থান হবে না। টিকতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আপনাদের আওয়ামী লীগের ভোটারেরাও এখন আপনাদের বিরুদ্ধে লাঠি ধরবে। তারেক জিয়ার প্রয়োজন হবে না আপনাদের পতনের জন্য। অপেক্ষায় থাকুন, এমন বাকশালি হুংকার আর ৪/৫ মাসের বেশী দিতে পারবেন না। এ দেশের জনগণ তা অচিরেই বন্ধ করে দিবে। আপনাদের কথা-বার্তায় সে রকমই ইঙ্গিত পাচ্ছে দেশবাসী।